দৌলতদিয়ায় ফেরিতে যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া আদায়

আপডেট : ১০ জুন ২০১৯, ২২:২২

গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা

গত শনিবার থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথের দৌলতদিয়া প্রান্তে লঞ্চ ও ফেরিঘাটে রাজধানীমুখী কর্মজীবী মানুষের স্রোত বইছে। গতকাল সোমবারও ছিল হাজার হাজার যাত্রীর ভিড়। এ সুযোগে বিআইডব্লিউটিসির স্থানীয় অফিসের কতিপয় অসাধু কর্মকর্তা ও কর্মচারীর যোগসাজশে ফেরিপার হতে আসা লোকাল যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে সংশ্লিষ্ট টিকেটিং এজেন্ট।

রবিন নামের এক টিকিট কালেকটর এই প্রতিবেদককে দেখে বলেন, ‘প্রতি যাত্রী ত্রিশ টাকা, দেরি কইরেন না, ফেরি ছাইড়া যাইব, তাড়াতাড়ি টাকা দেন-টিকিট নেন।’ টিকিটের গায়ে ২৫ টাকা লেখা থাকলেও ৩০ টাকা করে নেয়ার কারণ জানতে চাইলে রবিন বলেন, ‘ঈদের কারণে ভাড়া বাড়ছে। আমার সময় নষ্ট কইরেন না। পুষাইলে টিকিট নেন, না নিলে পান চাবাইয়া খান।’ কোনো যাত্রী অতিরিক্ত টাকা দিতে না চাইলে সংশ্লিষ্ট ‘টিকিট কালেকটররা’ যাত্রীদেরকে বিভিন্নভাবে নাজেহাল করে থাকে। খোঁজ নিয়ে জানা গেছে, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে চলাচলকারী সব ফেরির লোকাল টিকেটিং এজেন্ট ‘মেসার্স আলাউদ্দিন ট্রেডার্সের’ মালিক আব্দুর রহিম খান।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম ইত্তেফাককে  বলেন, টিকিট বিক্রির নামে ফেরিযাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় সম্পূর্ণ অনৈতিক ও বেআইনি।