মাধবপুর উপজেলার পাঁচটি চা বাগানের ৫৫৪৬ জন চা শ্রমিকের প্রত্যেককে ৫ হাজার টাকা করে ২কোটি ৭৭ লাখ ৩০ হাজার টাকা এককালীন অনুদান প্রদান করা হয়েছে।
রবিবার (২৪ জুলাই) দুপুরে মাধবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক সভায় অনুদান বিতরণ উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপি। এ সময় তিনি ৩ হাজার কৃষকের প্রত্যেককে ৫ কেজি আমন বীজ ও ১০ কেজি এমওপি ১০ কেজি ডিএপি সার বিনামূল্যে বিতরণ কার্যক্রম উদ্বোধন ও সমাজ সেবা কার্যালয় থেকে অনঅগ্রসর ৩৭ জন শিক্ষাত্রীকে ৩লাখ ৪৪ হাজার ৪শ টাকা শিক্ষাবৃত্তি ও উপজেলা প্রশাসন কর্তৃক বন্যায় ক্ষতিগ্রস্থ ৫০ জনের প্রত্যেককে ১০ হাজার টাকা করে অনুদান প্রদান করেন।
মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে ও সমাজ সেবা কর্মকর্তা আশ্রাব আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার মহসীন আল মুরাদ, মাধবপুর উপজেলা আওয়ামী লীগ সেক্রেটারি চেয়ারম্যান আতিকুর রহমান, মেয়র হাবিবুর রহমান মানিক, মৎস্য কর্মকর্তা আবু আসাদ ফরিদুল হক, কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, যুবলীগ সভাপতি ফারুক পাঠান, চেয়ারম্যান পারুল আহম্মেদ, আলাউদ্দিন, সাহাবুদ্দিন আহম্মেদ, সাংবাদিক শংকর পাল সুমন, আয়ূব খাঁন প্রেস ক্লাব সেক্রেটারি সাব্বির হাসান ও মিজানুর রহমান প্রমুখ। সভায় মৎস্য সপ্তাহ উদ্বোধন ও শ্রেষ্ঠ ৩ জন মৎস্য চাষিকে ক্রেস্ট প্রদান করেন বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী এমপি।
তিনি বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় পিছিয়ে পড়া জনগোষ্টিকে মূলস্রোতে আনা হয়েছে। যাদের কোনো জায়গা নেই, বাড়ি নেই তাদেরকে জমিসহ ঘর করে দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী আপনাদের সঙ্গে আছেন, কৃষকদের পাশে আছেন আপনারা আবারও নৌকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রীর পাশে থাকবেন এবং দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে কাজ করতে আহ্বান জানান।
