কাশিয়ানীতে পানির অভাবে বিপাকে পাটচাষিরা

আপডেট : ২৫ জুলাই ২০২২, ১৯:০৪

ভরা বর্ষায় বৃষ্টির দেখা নেই কাশিয়ানী উপজেলায়। এতে জমি ফেটে চৌচির হয়ে যাচ্ছে। খরায় শুকিয়ে যাচ্ছে খেতের পাট। পানির অভাবে পাট জাগ দিতে পারছেন না চাষিরা।

তবে কেউ কেউ শ্যালো মেশিন দিয়ে পুকুর, খাল, নালা ভরে পাট জাগ দিলেও তা কয়েক দিনের মধ্যেই শুকিয়ে যাচ্ছে। এতে চরম বিপাকে পড়েছেন পাটচাষিরা। এদিকে বৃষ্টি না হওয়ায় পাট কেটে জমিতে আমন ধান রোপণ করতে পারছেন না তারা। 

কাশিয়ানী উপজেলার মহেশপুর, সাজাইল, মামুদপুর, রাতইল পারুলিয়াসহ বেশ কয়েকটি ইউনিয়ন ঘুরে একাধিক চাষির সঙ্গে কথা বলে জানা যায়, পাটের ফলন ভালো হলেও বর্তমানে খরায় শুকিয়ে সব শেষ হয়ে যাচ্ছে। একদিকে পানির অভাবে জাগ দেওয়া যাচ্ছে না, অন্যদিকে খেতেই শুকিয়ে যাচ্ছে পরিপুষ্ট পাট।

কাশিয়ানী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সনজয় কুমার কুণ্ডু জানান, চলতি বছর কাশিয়ানী উপজেলায় প্রায় ৮ হাজার ৫০০ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। প্রতি মণ পাটে কৃষকের উত্পাদন খরচ হয়েছে প্রায় ২ হাজার টাকা। ভালো মানের এক মণ পাট বিক্রি হচ্ছে ৩ হাজার টাকা। উপযুক্ত আবহাওয়া থাকায় এবার পাটের ফলন ভালো হয়েছে। চাষিরা লাভের আশায় বুক বাঁধলেও শেষ সময় এসে পানি না থাকায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। 

ইত্তেফাক/এআই