বাকেরগঞ্জের ৩টি বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা

আপডেট : ২৬ জুলাই ২০২২, ০০:২২

বরিশালের বাকেরগঞ্জে সরকারি বিধি না মানা ও নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন এবং মেয়াদোত্তীর্ণ খাদ্য সামগ্রী পাওয়ায় তিনটি বেকারি কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৫ জুলাই) দুপুরে বাকেরগঞ্জের পৌরসভার বন্দর ও রঙ্গশ্রী ইউনিয়নের কালিগঞ্জ বাজারে এ জরিমানা করা হয়। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. ইজাজুল হক। এ সময় বন্দরের রোজ বেকারি ২০ হাজার,কালিগঞ্জ বাজারের বরিশাল বেকারিকে ১০ হাজার ও সৈকত ব্রেড কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. ইজাজুল হক ইত্তেফাককে জানান, উপজেলার বেশ কিছু বেকারি ঘুরে কারখানার পরিবেশ ও উৎপাদিত খাদ্য তৈরির গুনগত মান নিম্ন পর্যায়ের হওয়ায় ও মেয়াদোত্তীর্ণ খাদ্য রাখার দায়ে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন,২০০৯ অনুযায়ী এ জরিমানা করা হয়েছে। 

তিনি আরও জানান, জন সাধারণের খাদ্য সুরক্ষা নিশ্চিত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীলের নির্দেশনায় আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

ইত্তেফাক/ইআ