পুকুরের পানিতে পড়ে ভাই-বোনের মৃত্যু

আপডেট : ২৬ জুলাই ২০২২, ১০:৪৯

পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলায় পুকুরের পানিতে পড়ে মজিবর রহমান (৮) ও হাবিবা (৬) নামে ভাই-বোনের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (২৬ জুলাই) সকালে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (২৫ জুলাই) সন্ধ্যায় উপজেলার শালবাহান ইউনিয়নের খালপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। তারা ওই ইউনিয়নের নালাগছ এলাকার আব্দুল হান্নানের সন্তান।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, বাবা আব্দুল হান্নান নতুন করে বাড়ি করার জন্য শালবাহান ইউনিয়নের খালপাড়া এলাকার একটি পুকুরের পাড় থেকে ব্যাটারি চালিত ভ্যানে করে নালাগছ এলাকায় ইট নিয়ে আসছিলেন। তার সঙ্গে মজিবর ও হাবিবা যাওয়ার জন্য বায়না ধরে। পরে তাদের নিয়েই ইট আনা নেওয়া করছিলেন। একপর্যায়ে তিনি মজিবর ও হাবিবাকে খালপাড়া পুকুরের পাড়ে রেখে পার্শ্ববর্তী নতুন বাজার এলাকায় যান। পরে তিনি বাড়ি ফিরে তাদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যসহ অনেক খোঁজাখুঁজি করতে থাকেন। স্থানীয়দের সহায়তায় ওই পুকুরে নেমে তাদের ডুবন্ত অবস্থায় উদ্ধার করা হয়।

এসআই জাহাঙ্গীর আলম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

ইত্তেফাক/মাহি