আজ যাবেন সোহানরা

জিম্বাবুয়ে গেলেন তিন ক্রিকেটার

আপডেট : ২৬ জুলাই ২০২২, ১১:০৮

কদিন আগেই ওয়েস্ট ইন্ডিজ থেকে দেশে ফিরেছেন জাতীয় দলের ক্রিকেটাররা। চার দিনের বিরতিতেই আবার উড়াল দিতে হচ্ছে। জিম্বাবুয়ে সফরের আগে তাই দেশের মাটিতে দলগত কোনো অনুশীলন রাখা হয়নি। ক্যারিবিয়ান থেকে ফিরে বিশ্রামে আছেন ক্রিকেটাররা।

তাছাড়া জাতীয় দলের কোচিং স্টাফের সদস্যরাও ঢাকায় নেই। হেড রাসেল ডমিঙ্গো, বোলিং কোচ অ্যালান ডোনাল্ড জিম্বাবুয়েতে দলের সঙ্গে যোগ দেবেন। ব্যাটিং কোচ জেমি সিডন্স অস্ট্রেলিয়া থেকে যাবেন আফ্রিকার দেশটিতে। এক সিরিজ ছুটি কাটানোর পর স্পিন কোচ রঙ্গনা হেরাথও জিম্বাবুয়ে সফরে ফিরছেন। কলম্বো থেকে দুবাই এসে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা এই লঙ্কানের।

কোচরা না থাকলেও জিম্বাবুয়েগামী বিমানে চড়ার আগে মিরপুর স্টেডিয়ামে একাকী অনুশীলন করেছেন কয়েক জন ক্রিকেটার। গতকাল মুশফিকুর রহিম, নতুন টি-২০ অধিনায়ক নুরুল হাসান সোহান অনুশীলন করেছেন। মুশফিক অবশ্য এবার টি-২০ দলে নেই। তাই আরও কিছুদিন মিরপুরে অনুশীলন চালিয়ে যেতে পারবেন তিনি। সোহানের নেতৃত্বে জিম্বাবুয়ের উদ্দেশ্যে আজই দেশত্যাগ করবে বাংলাদেশ টি-২০ দল। মঙ্গলবার রাত ১টা ৪০ মিনিটে এমিরেটসের ফ্লাইটে উড়াল দিবে সোহান বাহিনী। অবশ্য গতকাল রাতেই একই সময়ে ঢাকা ছেড়ে গেছেন বাংলাদেশের তিন ক্রিকেটার।

হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত ও মুনিম শাহরিয়ারের সঙ্গে টিম অপারেশন্স ম্যানেজার নাফিস ইকবাল, ফিজিও মুজাদ্দেদ সানি জিম্বাবুয়ে গেছেন। পরে ওয়ানডে দলের ক্রিকেটাররা ২৯ জুলাই রাত ১টা ৪০ মিনিটে দেশ ছাড়বে। সফরে জিম্বাবুয়ের বিরুদ্ধে তিনটি করে টি-২০ ও ওয়ানডে খেলবে টাইগাররা।

ইত্তেফাক/টিএ