যুক্তরাষ্ট্রে ক্রেনধসে নিহত ১, আহত ৬

আপডেট : ১০ জুন ২০১৯, ২২:২৫

যুক্তরাষ্ট্রের ডালাস শহরে ঝড়ের মধ্যে একটি অ্যাপার্টমেন্ট ভবনের ওপর ক্রেন ধসে পড়ে এক নারী নিহত ও অপর ছয় জন আহত হয়েছেন। রবিবার ডালাসের কেন্দ্রস্থলে এ ঘটনা ঘটেছে বলে দমকল বাহিনীর এক কর্মকর্তার বরাতে জানিয়েছে বার্তা সংস্থা এএনআই। 

আহতদের মধ্যে একজনের অবস্থা সংকটজনক, আরেকজনের আঘাত গুরুতর বলে জানিয়েছেন স্থানীয় হাসপাতালের মুখপাত্র ডিক জোন্স। ডালাস দমকলের মুখপাত্র জ্যাসন ইভান্স এর উদ্ধৃতি দিয়ে সিএনএন জানিয়েছে, ক্রেনটি প্রথমে এলান সিটি লাইটস অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের একটি পাঁচ তলা ভবনের ওপর গিয়ে পড়ার পর নিচে পার্কিং গ্যারেজে ওপর গিয়ে পড়ে, এতে ভবনটির পূর্ব পাশে একটি বড় গর্ত তৈরি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, ঝড়ো বাতাসের মধ্যে ক্রেনটি বিপজ্জনকভাবে দুলছে এবং শেষ পর্যন্ত ধসে পড়ছে। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ২টার পরপরই ক্রেনটি ধসে পড়ে এবং নিচে পড়ার সময় বেশ কয়েকটি গাছও ভেঙে পড়েছে।