শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বুলবুল আহমেদ নিহতের ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৬ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনের সড়কে বৃষ্টিতে ভিজে এ কর্মসূচি পালন করেন তারা।
এসময় শিক্ষার্থীরা বুলবুল নিহতের সঙ্গে জড়িতদের শাস্তির দাবিতে চার দফা দাবি জানানো হয়।
দাবিগুলো হচ্ছে- বুলবুল নিহতের ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড কি-না তা খুঁজে বের করতে হবে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেফতার করে শাস্তি দিতে হবে, নিহত বুলবুলের পরিবারের পাশে দাঁড়িয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিতে হবে, ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করে বুলবুলকে যে স্থানে ছুরিকাঘাত করা হয়েছে, সেখানে তার স্মৃতি রক্ষার্থে স্মৃতিস্তম্ভ নির্মাণ করতে হবে।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের ২ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
