রাঙ্গামাটির বাঘাইছড়ি দীঘিনালা সড়কে পণ্যবোঝাই ট্রাকে আগুন দিয়েছে সন্ত্রাসীরা। গতকাল সোমবার ভোর ৬ টার দিকে বাঘাইছড়ি দীঘিনালা সড়কের রাবার বাগান নামক স্থানে ৪জন সন্ত্রাসী অস্ত্রের মুখে গাড়ি থামিয়ে চালক ও হেলপারকে নামিয়ে জঙ্গলে ঢুকিয়ে পেট্রোল ঢেলে ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়।
এসময় চার সন্ত্রাসীর হাতে ভারি অস্ত্র ছিল বলে জানান গাড়ির হেলপার। এতে গাড়িতে থাকা ১০ লাখ টাকার গ্রোসারি মালামালসহ সম্পূর্ণ ট্রাকটি ভষ্মীভূত হয়। সবমিলিয়ে প্রায় ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়।
ঘটনার পরপরই বাঘাইহাট জোনের সেনা সদস্য ও হাজা ছড়া ৫৪ বিজিবির টহল দল ঘটনাস্থলে এসে চালক ও হেলপারকে উদ্ধার করে আগুন নেভানোর চেষ্টা চালায়। পরে দীঘিনালা ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ক্ষতিগ্রস্ত ট্রাকের মালিক বাঘাইছড়ি পৌরসভার সাবেক কমিশনার মো. আলী হোসেন বলেন, আমার গাড়িতে পাহাড়ের আঞ্চলিক দল ইউপিডিএফ আগুন দিয়েছে। আগুন দেয়ার আগে শুকনাছড়া নামক জায়গায় ১ হাজার টাকা চাঁদাও নিয়েছে।
বাজারের ব্যবসায়ী সাহাব উদ্দিন বলেন, দীর্ঘদিন যাবত বাজারের ব্যবসায়ীদের নিকট মোটা অংকের চাঁদা দাবি করে আসছিল ইউপিডিএফ সন্ত্রাসীরা। কিন্তু সময়মত চাঁদা না দেয়ায় রাস্তায় গাড়ি থামিয়ে অতিরিক্ত চাঁদা আদায়সহ নানা রকম হয়রানি করতো তারা। সন্ত্রাসীরা গত কয়েকদিন আগেও গাড়িটিতে ঢিল ছুঁড়ে গ্লাস ভেঙ্গে দিয়েছিল।
এদিকে ঘটনার পর সীমানা জটিলতায় নানা বিভ্রান্তিমূলক তথ্য দিচ্ছে পুলিশ। ঘটনার পর বাঘাইছড়ি থানার ওসি এম এ মঞ্জুর বলেন, বিষয়টি আমি জেনেছি। ইউপিডিএফ সন্ত্রাসীরা গাড়িটিতে আগুন দিয়েছে। ঘটনাস্থল সাজেক থানায় হওয়ায় সাজেক থানার ওসি দেখছেন বিষয়টি। পরে সাজেক থানার ওসি নুরুল আনোয়ারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি ক্যাম্পে আছি বিষয়টি আমাদের থানায় পড়েনি। কবাখালি দীঘিনালা থানায় পড়েছে। এদিকে এমন একটি বিষয় নিয়ে পুলিশের এমন পরস্পরবিরোধী বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন ব্যবসায়ী নেতারা।
