শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী বুলবুল আহমেদ হত্যায় ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (২৬ জুলাই) দুপুরে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
উপাচার্য বলেন, বুলবুল হত্যার ঘটনা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে তদন্তের জন্য পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি করা হয়েছে। এতে আহবায়ক হিসাবে রয়েছেন শাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম।
কমিটির অন্য সদস্যরা হলেন, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক আমিনা পারভীন, শাহপরাণ হল প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান খান, লোকপ্রশাসন বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম ও সদস্য সচিব সহকারী প্রক্টর আবু হেনা পহিল।
