বগুড়ার আদমদীঘি থানা এলাকা থেকে রবিবার রাতে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ধারী একদল লোকের হাতে ঢাকার মিরপুরের ব্যবসায়ী দেওয়ান সামছুল হুদা (৪২) অপহূত হয়েছেন। এদিন রাত সাড়ে ৯ টার দিকে আদমদীঘির ইন্দইল ব্রীজের কাছে দুইটি মাইক্রোবাস মোটরসাইকেল যাত্রী সামছুল হুদার গতি রোধ করে। মোটরসাইকেলটির চালক ছিলেন তার শ্যালক মামুনুর রশিদ। মাইক্রোবাস থেকে ৭/৮ জন যুবক নেমে সামছুল হুদাকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে উঠিয়ে নিয়ে যায়। তিনি চিত্কার দিলে আশেপাশের লোকজন ধাওয়া করে একটি মাইক্রোবাস আটক করে। মাইক্রোবাস থেকে ৫/৬ জনকে নামিয়ে এনে জনতা গণপিটুনি দেয়। পরে পুলিশ এসে তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় অপহূতের শ্যালক মামুনুর রশিদ গতকাল সকালে বাদী হয়ে আদমদীঘি থানায় একটি জিডি করেন। জিডি নম্বর-৩৫৫।
এদিকে অপহূতের স্ত্রী জেসমিন আক্তার অভিযোগ করেছেন, আড়াই বছর আগে মিরপুর ডিওএইচএস এলাকার ৭ নম্বর রোডের ৪২৩ নম্বর বাড়ির ৩/এ নম্বর ফ্ল্যাট তিনি মুশরাত জাহানের কাছ থেকে ১ কোটি ৪০ লাখ টাকায় ক্রয় করেছিলেন। ফ্ল্যাটের রেজিষ্ট্রি নেয়ার আগেই গত বছরের ৬ ডিসেম্বর মুশরাত তাদেরকে ওই ফ্ল্যাট থেকে বের করে দেন। পরবর্তীতে আদালতে তিনি এ সংক্রান্ত মামলা দায়ের করেন। আদালত ওই মামলায় মুশরাত জাহানকে ১ বছরের কারাদন্ড দেন। এরপর থেকেই মুশরাত আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয় ব্যবহার করে কতিপয় ব্যক্তিকে তার পেছনে লেলিয়ে দিয়েছেন। প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ মুশরাতকে গ্রেফতার করে না। তিনিই তার বাহিনী দিয়ে আদমদীঘি থেকে তার স্বামীকে অপহরণ করিয়েছেন বলে তিনি দাবী করেন। তবে সামছুল হুদার স্ত্রীর অভিযোগ সম্পর্কে মুশরাতের বক্তব্য জানার জন্য তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
