রাজবাড়ীর পাংশা থেকে ৭টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে দুটি পাইপগান, চারটি ওয়ানশুটার গান, একটি রিভলবার এবং তিনটি শর্টগানের কার্তুজ। মঙ্গলবার (২৬ জুলাই) বিকালে র্যাব-৮ ফরিদপুর ক্যাম্প থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্প থেকে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জীবননালা গ্রামের রাজ্জাক আলী মিয়ার বাড়িতে অভিযান চালায় র্যাবের একটি দল। সে সময় রাজ্জাক আলী মিয়ার বসতঘরের একটি কক্ষ থেকে অস্ত্র গুলি উদ্ধার করা হয়। অভিযানকালে রাজ্জাক আলী মিয়া ও তার ছেলে ইমরান মিয়া বাড়িতে ছিল না। তারা পলাতক রয়েছে।
এ ব্যাপারে পাংশা থানায় অস্ত্র আইনে রাজ্জাক আলী মিয়া ও তার ছেলে ইমরান মিয়ার বিরুদ্ধে মামলা হয়েছে।
