গাজীপুরে চাকায় পিষে হত্যা

সেই বাসচালক ও কন্ডাক্টর গ্রেফতার

আপডেট : ১০ জুন ২০১৯, ২২:৫২

গাজীপুরে সালাউদ্দিন (৩৫) নামে যাত্রীকে বাসে পিষে মারার পর আলম এশিয়া পরিবহনের পলাতক চালক রোকন ও কন্ডাকটর আনোয়ার হোসেনকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকালে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা থেকে অভিযান চালিয়ে গাজীপুর থানা পুলিশ রোকনকে গ্রেফতার করে। অন্যদিকে, গতরাতে শেরপুরের নালিতাবাড়ি থেকে কন্ডাকটর আনোয়ারকে গ্রেফতার করা হয়।

গাজীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ গ্রেফতারের খরব নিশ্চিত করে জানান, যাত্রীকে পিষে মারার পর থেকে পলাতক রোকন ধোবাউড়া উপজেলায় আছেন বলে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গত রবিবার সকালে গাজীপুর সদর উপজেলার বাঘেরবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যাত্রী সালাউদ্দিনকে ধাক্কা দিয়ে ফেলে চাকায় পিষে মারা হয়। সালাউদ্দিন তার স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়ি ময়মনসিংহের ফুলপুর থেকে গাজীপুরে ভাড়া বাসায় যাচ্ছিলেন। ভাড়া নিয়ে বাকবিতণ্ডার জের ধরে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার পর স্ত্রীকে না নামিয়েই বাস টান দিতে চাইলে সালাউদ্দিন গাড়ির সামনে দাঁড়িয়ে থামাতে বলেন, কিন্তু বেপরোয়া চালক রোকন তার ওপর দিয়েই চালিয়ে দেন বাস।

গাজীপুরের মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসেন জানান, এ ঘটনায় সালাউদ্দিনের ছোট ভাই জালাল মিয়া বাসের ড্রাইভার, কন্ডাকটর ও হেলপারসহ কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।