পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় আটজন নিহত

আপডেট : ১০ জুন ২০১৯, ২২:৫২

রবিবার রাতে ও গতকাল সোমবার দেশের পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত হয়েছেন। জেলাগুলো হচ্ছে বগুড়া, লক্ষ্মীপুর, যশোর, নীলফামারী এবং ময়মনসিংহে। ইত্তেফাকের সংশ্লিষ্ট এলাকার সংবাদদাতাদের পাঠানো খবর :

বগুড়ার নন্দীগ্রামে শ্যালো মেশিনচালিত ভটভটি উল্টে দুই ভাই নিহত হয়েছেন। রবিবার গভীর রাতে উপজেলার পণ্ডিতপুকুর আঞ্চলিক সড়কের পদ্মপুকুর কাতলগাড়ী নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের তৈয়বপুর গ্রামের আয়েজ উদ্দিনের ছেলে আঙ্গুর আলী (৪৫) ও তার ছোটভাই হাবিবুর রহমান (১৯)। দুই ভাই রাজশাহী সিটি হাট থেকে দুটি মহিষ কিনে ভটভটি যোগে বাড়ি ফিরছিলেন।

অন্যদিকে, লক্ষ্মীপুরের রামগঞ্জে মোটরসাইকেল ও নসিমনের সংঘর্ষে মামা সুমন হোসেন (৪০) ভাগ্নে তামিম হোসেন (১৪) নিহত হয়েছেন। রবিবার রাতে উপজেলার জুগি বাড়ির সামনে রামগঞ্জ-ঢাকা মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত সুমন হোসেন রামগঞ্জ উপজেলার আইয়েনগর গ্রামের পাঠান বাড়ির মৃত আবদুল মান্নানের ছেলে, তামিম হোসেন সাহারপাড়ার আকবরের ছেলে।

যশোরের শার্শা উপজেলার সাতমাইল-গোগা সড়কের ফুলতলা নামক স্থানে সড়ক দুর্ঘটনায়  লিটন হোসেন (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত লিটন  শার্শা উপজেলার বসতপুর গ্রামের ওমর আলীর ছেলে। তিনি মোটরসাইকেলে গোগা গ্রামে শ্বশুরবাড়ি থেকে ঈদের  দাওয়াত খেয়ে বাড়ি ফেরার সময় বসতপুর নামক স্থানে একটি ডিম বোঝাই কাভার্ড ভ্যানকে সাইড দিতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

নীলফামারীর সৈয়দপুরে নৈশকোচ নাবিল পরিবহনের সঙ্গে ব্যাটারিচালিত একটি রিকশার মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ মোহন (১৪) নামে এক রিকশা আরোহী এবং তার চালক শফিকুল ইসলাম (২৮) নিহত হয়েছেন। রবিবার গভীর রাতে নীলফামারী-সৈয়দপুর সড়কের ওয়াপদা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোহন উত্তরা আবাসনের নান্নু মিয়ার ছেলে। তিনি সৈয়দপুর প্লাজায় চটপটির দোকানে কাজ করতেন। অপরদিকে নিহত রিকশাচালক সদর উপজেলার শিমুলতলী গ্রামের হেবু মিয়ার ছেলে। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা নাবিল পরিবহনের নৈশকোচটি আটক করে ভাঙচুর চালায় এবং তাতে আগুন ধরিয়ে দেয়।

ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের মধুপুর বটতলা একালায় সোমবার বিকালে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।  এ সময় চালক রনি মিয়া (২২) আহত হন। নিহত যুবকের নাম সাইফুল ইসলাম (২৫)। সম্পর্কে তারা চাচাতো ভাই।

আহত যুবক রনি জানান, তারাকান্দা উপজেলার গালাগাঁও ইউনিয়নের গাবরগাতি গ্রামে তাদের বাড়ি। তারা দুই ভাই মিলে মোটরসাইকেলে পলাশিয়া গ্রামে বিয়েবাড়িতে যাবার পথে বটতলা একাকায় সিএনজি অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে ।

 নিহত সাইফুল ইসলাম গাবরগাতি গ্রামের রমজান আলীর ছেলে। তার মরদেহ ফুলপুর হাসপাতালে রয়েছে।