ফরাসি তরুণের রেকর্ড গড়া সেঞ্চুরি

আপডেট : ২৭ জুলাই ২০২২, ১১:৩০

অশ্বিন ভিনোদের বলে সিঙ্গেল নেওয়ার সঙ্গে সঙ্গে রেকর্ড বুকে জায়গা করে নিলেন গুস্তভ ম্যাকন। ফরাসি এই তরুণ মাত্র ৫৮ বলে সেঞ্চুরি করে আন্তর্জাতিক টি-২০ ইতিহাসে সবচেয়ে কম বয়সী সেঞ্চুরিয়ানের মালিক হয়ে গেলেন। ফিনল্যান্ডে ২০২৪ টি-২০ বিশ্বকাপের ইউরোপিয়ান উপ-আঞ্চলিক বাছাইপর্বে সুইজারল্যান্ডের মুখোমুখি হয় ফ্রান্স। গুস্তভের ধংসাত্মক ইনিংসের পরও জিততে পারেনি তারা। রুদ্ধশ্বাস লড়াইয়ে ১ উইকেটের জয় পায় সুইজারল্যান্ড।

তাই অম্লমধুর এক অভিজ্ঞতাই বলতে হবে গুস্তভের জন্য। গত পরশু রেকর্ড গড়া সেঞ্চুরির সময় তার বয়স ছিল ১৮ বছর ২৮০ দিন, যা আগের রেকর্ডের চেয়ে দুই বছরের বেশি সময় কম। ২০১৯ আয়ারল্যান্ডের বিপক্ষে বিস্ফোরক সেঞ্চুরি (১৬২) হাঁকিয়ে সেই রেকর্ডের মালিক ছিলেন আফগানিস্তানের হজরতউল্লাহ জাজাই। তখন এই ওপেনারের বয়স ছিল ২০ বছর ৩৩৭ দিন।

গত ২৪ জুলাই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় গুস্তভের। প্রথম ম্যাচেই চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ৫৪ বলে ৭৬ রান করেন তিনি। দ্বিতীয় ম্যাচ খেলতে নামেন সুইজারল্যান্ডের বিপক্ষে। তার ৬১ বলে ৫ চার ও ৯ ছয়ে ১০৯ রানের ইনিংসে ভর করে ২০ ওভারে ১৫৭ রানের পুঁজি তোলে ফ্রান্স। তাড়া করতে নেমে ইনিংসের একদম শেষ বলে সফল হয় সুইজারল্যান্ড।

ইত্তেফাক/টিএ