নাইকো দুর্নীতির মামলা বিচারের জন্য কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে আদালত স্থানান্তরের বৈধতা চ্যালেঞ্জ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রিট আবেদনের ওপর শুনানি পিছিয়েছে। তার আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে আজ মঙ্গলবার রিটের উপর শুনানির জন্য দিন ধার্য করেছে হাইকোর্ট। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন ডিভিশন বেঞ্চ গতকাল সোমবার এ দিন ধার্য করে দেন।
এর আগে গত ২৮ মে এ রিটের উপর আংশিক শুনানি অনুষ্ঠিত হয়েছিল। ওইদিন আদালত কিছু বিষয়ে প্রশ্ন রেখেছিল আইনজীবীদের কাছে। সেসব প্রশ্নের জবাব এফিডেভিট আকারে দাখিলের জন্য গতকাল সময় চান খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট এজে মোহাম্মদ আলী। তখন আদালত এ সময় মঞ্জুর করে। এ সময় আদালতে খালেদা জিয়ার পক্ষে আইনজীবী মওদুদ আহমদ, কায়সার কামাল, মীর মো. হেলালউদ্দিন প্রমুখ এবং রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও দুদকের পক্ষে খুরশীদ আলম খান উপস্থিত ছিলেন।
গত মে মাসে খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত ১৭টি মামলার বিচারের জন্য কেরানীগঞ্জ কারাগারে আদালত স্থানান্তর করে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। ঐ গেজেট বাতিল চেয়ে আইনি নোটিস দেওয়া হয়। কিন্তু নোটিসের জবাব না পেয়ে হাইকোর্টে এ রিট করেন খালেদা জিয়া।
প্রসঙ্গত দুটি দুর্নীতির মামলায় ১৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত খালেদা জিয়া। অসুস্থতাজনিত কারণে তাকে বর্তমানে কারাগারের পরিবর্তে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে রাখা হয়েছে।
