ভুয়া কাগজপত্র দিয়ে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল) থেকে ২৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ঢাকা ট্রেড হাউজের মালিক টিপু সুলতানসহ চারজনের বিরুদ্ধে মামলা করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। খোলা বাজার থেকে গম কেনার জন্য সরকারের সঙ্গে চুক্তির ভুয়া চুক্তিপত্র দেখিয়ে এই টাকা উত্তোলন করেন টিপু সুলতান।
দুদকের অনুসন্ধান কর্মকর্তা সহকারী পরিচালক গুলশান আনোয়ার প্রধানের প্রতিবেদন যাচাই বাছাই করে কমিশন এ মামলার অনুমোদন দিয়েছে। যেকোনো দিন রাজধানীর মতিঝিল থানায় মামলাটি দায়ের করা হবে বলে দুদক সূত্র জানিয়েছে। এ মামলায় টিপু সুলতান ছাড়াও যাদের আসামি করা হচ্ছে: বিডিবিএলের প্রিন্সিপাল শাখার এসপিও দীনেশ চন্দ্র সাহা, এজিএম দেওয়ান মোহাম্মদ ইসহাক এবং জেনারেল ম্যানেজার (বর্তমানে অবসরপ্রাপ্ত) সৈয়দ নুরুর রহমান কাদরী।
দুদক সূত্র জানায়, খোলা বাজারে গম বা ধান কেনার জন্য কোনো বেসরকারি ব্যবসায়ী প্রতিষ্ঠানের সঙ্গে সরকারের কোনো ধরনের চুক্তি হয় না। গম বা ধান কেনার জন্য সরকারের কর্মকর্তারা সরাসরি কাজ করেন। ১৫ হাজার মেট্রিক টন গম কৃষকের কাছ থেকে কেনার জন্য সরকার ঢাকা ট্রেড হাউজের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে এমন একটি ভুয়া চুক্তিপত্র তৈরি করে তার অনুকূলে বাংলাদেশ ব্যাংক থেকে ৩০ কোটি টাকার ঋণ আবেদন করেন ব্যবসায়ী টিপু সুলতান। ব্যাংক কর্তৃপক্ষ কাগজপত্র যাচাই বাচাই না করেই ২৫ কোটি টাকা ঋণ অনুমোদন করে। ওই টাকা উত্তোলন করে তা আত্মসাত করে ব্যবসায়ী টিপু সুলতান।
