দিনাজপুরের ফুলবাড়ীতে অতিরিক্ত গরম ও লোডশেডিংয়ের কারণে বেড়েছে বৈদ্যুতিক ও চার্জার ফ্যানের চাহিদা। এ সুযোগে নির্ধারিত দামের চেয়ে দুই থেকে তিন গুণ বেশি দামে ওইসব ফ্যান বিক্রি করছেন বিক্রেতারা।
বুধবার (২৭ জুলাই) পৌর এলাকার বিভিন্ন ইলেকট্রনিক্স মার্কেট ঘুরে সরেজমিনে এমন দৃশ্য দেখা যায়। এসময় ভোক্তারা অভিযোগ করে বলেন, ‘অসহনীয় গরমের সুযোগে বাজারে বৈদ্যুতিক ও চার্জার ফ্যানের চাহিদা বৃদ্ধি পাওয়ায় কৃত্রিম সংকট সৃষ্টি করে স্থানীয় দোকানদাররা অতিরিক্ত দাম চাইছেন।’
চার্জার ফ্যান কিনতে আসা প্রেম কুমার নামে একজন বলেন, ‘যে ফ্যান আগে ১ হাজার ৮০০ টাকায় কিনেছি, তা এখন ৪ হাজার টাকা। সারাদিনে ৪ থেকে ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকছে। উপায় না দেখে বেশি দামেই কিনতে হলো ফ্যান।’
রুবাইয়া অনু নামে আরেক ক্রেতা বলেন, ‘বেশিরভাগ দোকানে চার্জার ফ্যান নেই। এই সুযোগে বাকি দোকানদাররা অতিরিক্ত দাম হাঁকাচ্ছেন।’
এদিকে ব্যবসায়ীরা বলছেন, ‘বাজারে পণ্য সংকট থাকায় অতিরিক্ত দামে কিনতে হচ্ছে। তাই বিক্রিও করতে হচ্ছে বেশি দামে।’
দিনাজপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক মমতাজ বেগম বলেন, ‘তীব্র গরমের কারণে ফ্যান, চার্জার ফ্যান ও এলইডি লাইটের চাহিদা বেড়েছে। যার সুযোগ নিয়ে বিক্রেতারা বেশি মূল্যে এসব পণ্য বিক্রি করছেন। পূর্বের পণ্য বেশি দামে বিক্রির দায়ে ইতিমধ্যে জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে অসাধু ব্যবসায়ীদের জরিমানার আওতায় আনা হয়েছে। শিগগিরই ফুলবাড়ী বাজারেও অভিযান পরিচালনা করা হবে।’

বাবার মামলায় কারাগারে ছেলে
দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে