পশ্চিমবঙ্গকে গুজরাট হতে দেব না :মমতা

আপডেট : ১০ জুন ২০১৯, ২২:৫৮

বিজেপি পশ্চিমবঙ্গে সরকার ফেলার চেষ্টা করছে। গুজরাট বানানোর চেষ্টা করছে। আমরা পশ্চিমবঙ্গকে গুজরাট হতে দেব না। গতকাল সোমবার পশ্চিমবঙ্গের প্রশাসনিক ভবন নবান্নে একথা বলেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। একই দিন পালটা সংবাদ সম্মেলন করে বিজেপির নেতা মুকুল রায় বলেছেন, আমাদের সরকার ফেলার কোনো ইচ্ছে নেই। সন্দেশখালিতে যা ঘটেছে তার দায় মেনে মমতা ব্যানার্জি পদত্যাগ করুক।

এদিকে সন্দেশখালির ঘটনায় মৃতের সংখ্যা কত— তা নিয়ে বিভ্রান্তি কাটছে না। পুলিশ বলছে মৃতের সংখ্যা তিন। অথচ গতকাল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, ঘটনায় দুই জন মারা গেছেন। আর স্থানীয়রা বলছেন, মৃতের সংখ্যা চার। সন্দেশখালির ঘটনা নিয়ে এদিন বসিরহাটে হরতাল পালন করে বিজেপি। কলকাতাসহ জেলায় জেলায় বিক্ষোভ দেখায়। ঘটনাটি নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর সঙ্গে কথা বলেছেন। পরিস্থিতি নিয়ে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও পশ্চিমবঙ্গের রাজ্যপালের সঙ্গে কথা বলেছেন বলে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

‘পশ্চিমবঙ্গকে অশান্ত করতে চাইছে ভারত সরকার’

নবান্নে পুলিশের গাফিলতি মেনে নিয়ে মমতা ব্যানার্জি বলেছেন, ‘সন্দেশখালির ঘটনার দায় বিজেপির। পশ্চিমবঙ্গ শান্তিতেই আছে, ভালো আছে। বিজেপি উসকানি দিয়ে অশান্তি বাধানোর চেষ্টা করছে। এখানে অশান্তি লাগানোর সমস্ত চেষ্টা ব্যর্থ হবে।’ তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গকে অশান্ত করতে চাইছে বিজেপি শাসিত ভারত সরকার। পশ্চিমবঙ্গকে গুজরাট বানানোর পরিকল্পনা করছে। সোশ্যাল নেটওয়ার্ক, ফেসবুক, হোয়াটসঅ্যাপ ব্যবহার করে কোটি কোটি টাকা ঢেলে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে।’? মমতা অভিযোগ করে বলেন, ‘?দুজন মারা গেলে ওরা বলছে ৫ জন মারা গেছে। মিথ্যে কথা বলে যা খুশি করা হচ্ছে। আমার সরকার ফেলার চেষ্টা করছে।’?

মমতার পদত্যাগ দাবি মুকুল রায়ের

বিজেপি নেতা মুকুল রায় এদিন সাংবাদিকদের বলেন, ‘?নবান্নে মুখ্যমন্ত্রী বলেছেন পুলিশ তাঁর কথা শুনছে না। মমতা পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রমন্ত্রীও। তাই পুলিশ যখন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর কথা শুনছে না, তখন তাঁর অবিলম্বে পদত্যাগ করা উচিত। কেন উনি পদত্যাগ করছেন না?’ তিনি আরো বলেন, ‘মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নন, উনি তৃণমূলের মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গ জুড়ে অশান্তি ছড়াচ্ছেন মমতা নিজেই। নির্দিষ্ট একটি সম্প্রদায়কে কেন্দ্র করে সাম্প্রদায়িক বিভাজন তৈরির চেষ্টা করছেন। মমতাকে রাজনৈতিক ভাবে শহীদ হতে আমরা দেব না। আমরা সরকার ফেলে দিয়েছি বলে সারা বাংলায় কেঁদে কেঁদে ঘুরে বেড়াবেন, তা আমরা হতে দেব না। ভারতীয় জনতা পার্টি রাজনৈতিক ভাবেই তৃণমূলের মোকাবিলা করবে।’?

এদিকে শনিবার রাতে উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে সংঘর্ষে মৃত্যুর ঘটনায় রোহিঙ্গাদের যোগ রয়েছে বলে অভিযোগ করছেন স্থানীয়রা। তাঁদের অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতা শেখ শাহজাহান রোহিঙ্গাদের আশ্রয় দেন। এই শাহজাহানের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। বিজেপি নেতা মুকুল রায়ের অভিযোগ, শাহজাহান বাংলাদেশে পালিয়ে গেছেন।