স্কুলের জায়গা থেকে দখলদারদের উচ্ছেদের নির্দেশ নিক্সন চৌধুরীর 

আপডেট : ২৭ জুলাই ২০২২, ২২:২৪

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজিরটেক ইউনিয়নের চরহাজীগঞ্জ হাইস্কুলের জায়গা উদ্ধারে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন।

বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলা পরিষদ হলরুমে আইনশৃঙ্খলা সভা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইউএনও, এসিল্যান্ড ও থানা অফিসার ইনচার্জকে এ নির্দেশ দেন নিক্সন চৌধুরী। 

এ সময় গত বুধবার উচ্ছেদ অভিযান পরিচালনা করে বিশ বছর পর ওই বিদ্যালয়ের খেলার মাঠ ও শহীদ মিনার উদ্ধার করায় ইউএনও তানজিলা কবির ত্রপাসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান তিনি। 

উচ্ছেদের হাত থেকে বাঁচতে ঐ বিদ্যালয়ের কিছু জায়গায় এখনও অবৈধ দখলদার স্থানীয় প্রভাবশালী মহল যারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সম্বলিত ব্যানার ব্যাবহার করে আওয়ামী লীগ অফিস বানিয়েছে সেখান হতে সম্মানের সঙ্গে বঙ্গবন্ধুর ছবি সরিয়ে অবৈধ ঐ স্থাপনা আগামী তিন দিনের মধ্যে উচ্ছেদের পাশাপাশি এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন নিক্সন চৌধুরী। 

নিক্সন চৌধুরী আরও বলেন ‘বাংলাদেশে যত উন্নয়ন হচ্ছে তার একমাত্র কাণ্ডারি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।আজ দেশের অর্থায়নে পদ্মা সেতু নির্মিত হয়েছে। এর সুফল সারা দেশের মানুষ ভোগ করবে।পদ্মা সেতু চালুর ফলে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার যোগাযোগ ব্যবস্থার যুগান্তকারী পরিবর্তন হতে শুরু হয়েছে।জিডিপিতেও পদ্মা সেতু অবদান রাখছে।যার ইতিবাচক প্রভাব পড়ছে পুরো দেশে।রাস্তাঘাট,ব্রিজ,স্কুল,কলেজ, মসজিদ, মাদরাসা, মন্দিরসহ সব সেক্টরে উন্নয়ন হচ্ছে। আজ শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেই দেশের এই অভুতপূর্ব উন্নয়ন সম্ভব হয়েছে। আমি মাথার ঘাম পায়ে ফেলে চরভদ্রাসনে নদী ভাঙা মানুষের মুখে হাসি ফোটানোর জন্য প্রায় ৩০০ কোটি টাকা ব্যয়ে চরভদ্রাসনে স্থায়ী নদী শাসনের কাজ বাস্তবায়ন করি।যার প্রায় নব্বই শতাংশ কাজ শেষ হয়েছে।এটা কার উন্নয়ন শেখ হাসিনার উন্নয়ন।

এ সময় তিনি শুধু মিটিং করে আইনশৃঙ্খলা সভা শেষ না করে। মিটিংয়ে উত্থাপিত সকল বিষয় সমাধান করে আগামী আইনশৃঙ্খলা সভায় রেজুলেশন আকারে উত্থাপনের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেন তিনি।

এছাড়া জনপ্রতিনিধি,রাজনৈতিক ব্যক্তি ও সাংবাদিকসহ সবাইকে মিলে মিশে উপজেলার উন্নয়নে কাজ করার আহ্বান জানান এমপি মজিবুর রহমান চৌধুরী নিক্সন। পরে নদী ভাঙন কবলিত অতি দরিদ্র ও দুস্থদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার আর্থিক সহায়তা প্রদানের উদ্বোধন করেন তিনি।

উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপা এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কাউসার, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো. খাইরুল ইসলাম। থানা অফিসার ইনচার্জ মিন্টু মনডল,ইউপি চেয়ারম্যান মো.আজাদ খান, মো. ইয়াকুব আলী, মো. জাহাঙ্গীর কবির,বদরুজ্জামান মৃধা, থানা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ার আলী মোল্লা ও বিভিন্ন দফতর প্রধানরা।

সভা শেষে চরভদ্রাসন হতে পদ্মা সেতু হয়ে ঢাকা যাতায়াতের যমুনা বাস সার্ভিসের উদ্বোধন করেন এবং একইদিন সন্ধায় চরভদ্রাসন উপজেলা আওয়ামী লীগ অফিসের সামনে পাইলট হাইস্কুল মাঠে নেতা-কর্মীদের নিয়ে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি নিক্সন চৌধুরী।  

ইত্তেফাক/এএএম