ফুলবাড়ীতে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু 

আপডেট : ২৮ জুলাই ২০২২, ০০:১৬

কুড়িগ্রামের ফুলবাড়ীতে জুয়া খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবককে মৃত্যু হয়েছে। বুধবার (২৭ জুলাই) রাত ৯ টায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসেন আলী ও চরগোরকমন্ডল ওয়ার্ডের ইউপি সদস্য আয়াজ উদ্দিন। নিহত যুবকের নাম মজিদুল ইসলাম (৩২)। তিনি নাওডাঙ্গা ইউনিয়নের চরগোরকমন্ডল এলাকার আবেদ আলীর ছেলে।

স্থানীয় সুলতান ও শফিকুল ইসলাম জানান, মঙ্গলবার মধ্য রাতে কয়েকজন যুবক মিলে তাসের মাধ্যমে জুয়া খেলা শুরু করে। খেলা শেষে প্রতিপক্ষ একই এলাকার জেলহোসেনের ছেলে হারান মিয়া (৪২) নিহত যুবকের কাছ থেকে টাকা ছিনতাই করা চেষ্টা করে। এক পর্যায়ে ওই যুবককে পেটে ছুরিকাঘাত করে ৪০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। এ সময় এলাকাবাসী ও মজিদুলের সহযোগী তৈয়ব আলী দ্রুত আহত যুবককে উদ্ধার করে প্রথমে ফুলবাড়ী পরে অবস্থা অবনতি হলে ভোর রাতে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়। সেখানে ১৭ ঘণ্টা চিকিৎসাধীন থাকার পর বুধবার রাত ৯ টায় মারা যায় ওই যুবক। 

এ প্রসঙ্গে ফুলবাড়ী থানার অফিসার (ওসি) ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশের একটি টিম নিয়ে ঘটনাস্থলে এসেছি এবং জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।  

ইত্তেফাক/এমএএম