সিরাজগঞ্জে কর্মসূচি শেষে দলীয় কার্যালয়ে হঠাৎ অসুস্থ হয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে দুলাল হোসেন (৬০) নামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক নেতার মৃত্যু হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে শহরের মুজিব সড়কের আভিসিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত দুলাল হোসেন সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের গুনেরগাঁতী গ্রামের বাসিন্দা এবং ইউনিয়নটির ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের সাবেক সভাপতি ছিলেন। পেশাগত জীবনে তিনি একজন চাল ব্যবসায়ী ছিলেন।
নিহতের স্বজন ও দলীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে বাড়ি থেকে বের হয়ে হাটিকুমরুল মোড়ে ১১ দলীয় ঐক্যের লংমার্চ কর্মসূচির পথসভায় যোগ দেন দুলাল হোসেন। দুপুরের সমাবেশ শেষে তিনি বাড়ি না ফিরে শহরের দরগা রোডে জেলা জামায়াত কার্যালয়ে যান। সেখানে মাগরিব ও এশার নামাজ আদায় করেন তিনি। তবে এশার নামাজ শেষেই হঠাৎ বুকে তীব্র ব্যথা ও অস্বস্তি অনুভব করতে থাকেন। দলীয় নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে তাঁকে শহরের আভিসিনা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি শহিদুল ইসলাম জানান, "দুলাল হোসেন দলের একজন অত্যন্ত একনিষ্ঠ কর্মী ছিলেন। পথসভা শেষে জেলা কার্যালয়ে আমরা একসঙ্গেই এশার নামাজ আদায় করেছি। কিন্তু নামাজ শেষ হতেই তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তাঁকে বাঁচানো যায়নি।"
এদিকে দুলাল হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জামায়াতের শহর শাখার আমির অধ্যাপক আব্দুল লতিফ ও সেক্রেটারি মাওলানা মোস্তফা মাহমুদ। এক যৌথ শোকবার্তায় তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

