পাঁচ বছর পর আবারও মাঠে গড়াচ্ছে জাতীয় যুব (অনূর্ধ্ব-১৮) হকি টুর্নামেন্ট। যদিও এখনো দিনক্ষণ চূড়ান্ত করতে পারেনি বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)। তবে জোর সম্ভাবনা রয়েছে আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই আলোর মুখ দেখতে পারে দীর্ঘ দিন ধরে খোয়াড়ে পড়ে থাকা এই টুর্নামেন্টটি। অবশ্য আলোর মুখ না দেখতে পারার কোনো কারণ নেই এবার। টুর্নামেন্টটি সামনে রেখে বাহফেকে পৃষ্ঠপোষক হিসেবে ১ কোটি ৫০ লাখ টাকা দিচ্ছে আল আরাফাহ ইসলামি ব্যাংক।
গতকাল আল আরাফাহ ব্যাংক লিমিটেডের ব্যবস্হাপনা পরিচালক ফরমান আর চৌধুরীর সঙ্গে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেছেন বাহফের সভাপতি ও বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান। ১ কোটি ৫০ লাখ টাকার মধ্যে আপাতত ৫০ লাখ টাকা পেয়েছে বাহফে। বাকি এক কোটি টাকা দুই কিস্তির মাধ্যমে পাবে তারা| যুব হকির এবারের আসরটি ২৭তম। আগের আসরের চেয়ে এবার বেড়েছে দল সংখ্যা। জেলা, শিক্ষা বোর্ড ও বিকেএসপিসহ মোট ৫৭টি দল অংশ নিবে এই টুর্নামেন্টে। আটটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে খেলা।
টুর্নামেন্ট থেকে প্রতিভা নজরে এনে পাইপলাইন তৈরি করাই বাহফের মূল লক্ষ্য বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, ‘আমরা এখান থেকে খেলোয়াড় বাছাই করব। খেলোয়াড় বাছাই করে পাইপলাইন তৈরি করার জন্য আমরা এটাকে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের আওতায় যাব। প্রাথমিকভাবে ১০০ জন বাছাই করে আমরা এটাকে ৪০ জনে কমিয়ে আনব। এই ৪০ জনকে নিয়ে আমরা ছয় মাসের একটি পরিকল্পনা হাতে নিয়েছি। ট্রেনিং থেকেই আমাদের পাইপলাইনটা তৈরি হবে। যাতে করে আমরা বয়সভিত্তিক দলগুলো গড়তে পারি।’
