পিতার আছাড়ে নিভে গেলো শিশুর প্রাণ

আপডেট : ২৮ জুলাই ২০২২, ১২:০১

খুলনায় পারিবারিক কলহের জেরে পিতার আছাড়ে তামিমা নামে আড়াই মাস বয়সের এক শিশুকন্যার মৃত্যু হয়েছে। বুধবার (২৭ জুলাই) রাতে ডুমুরিয়া উপজেলার ভান্ডারপাড়া গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ঘাতক বাবা মো. উজ্জ্বল শেখকে (২৫)  আটক করেছে। আটক উজ্জ্বল ভান্ডারপাড়া গুচ্ছগ্রামের সামাদ শেখের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে উজ্জ্বলের সঙ্গে তার পরিবারের সদস্যদের ঝগড়া বাধে। এ সময় আড়াই মাসের শিশু কন্যা তামিমা তার বাবার কোলে ছিল। কথা কাটাকাটির একপর্যায়ে উজ্জ্বল তার কোল থেকে তামিমাকে মাটিতে আছাড় মারে। এ সময় রাস্তা দিয়ে হেঁটে যাওয়া এক পথচারী শিশুটিকে রক্তাক্ত অবস্থায় দেখে তার পরিবারের সদস্যদের জানায়। পরিবারের সদস্যরা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থা অবনতি হলে পরে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ডুমুরিয়া থানার ওসি সেখ কনি মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার রাতেই শিশুটির ঘাতক পিতা উজ্জ্বল শেখকে আটক করা হয়েছে। এখনো মামলা হয়নি। মামলার প্রস্তুতি চলছে।

ইত্তেফাক/এমআর