ধামরাই (ঢাকা) সংবাদদাতা
ধামরাইয়ে এক প্রবাসীর স্ত্রীর লাশ ঝুলন্ত অবস্থায় তার ঘরে পাওয়া গেছে। তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে আত্মহত্যার কারণ জানা যায়নি।
জানা গেছে, উপজেলার সূতিপাড়া গ্রামের লিয়াকত আলীর মেয়ে লিমার (২৩) সঙ্গে ৫ বছর আগে একই উপজেলার কুশুরা ইউনিয়নের বকচর গ্রামের নূরুল হকের ছেলে খোরশেদ আলমের বিয়ে হয়। বিয়ের পরে একটি কন্যা সন্তানও হয় তাদের। স্বামী প্রবাসে থাকায় লিমা ৩ বছরের সন্তান নিয়ে বাবার বাড়িতেই থাকতেন। রবিবার গভীর রাতে লিমার শয়ন কক্ষ থেকে হঠাত্ করে অস্বাভাবিক শব্দ শুনতে পান পাশের ঘরে থাকা তার মা-বাবা। পরে লিমাকে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়নার ফাঁস লাগানো অবস্থায় পাওয়া যায়।
ধামরাই থানার এসআই শেখ সেকেন্দার আলী জানান, এ বিষয়ে কোনো অভিযোগ না থাকায় অপমৃত্যু মামলা হয়েছে।
