ভারতের দিল্লিতে তাপমাত্রা বেড়েছে। গতকাল তাপমাত্রা ছিল ৪৮ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রার তীব্রতায় মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে। ঘরের বাইরে আসতে অনেকেই ভয় পান। আবহাওয়া অধিদপ্তর উচ্চ সতর্কতা জারি করেছে। ভারতের বিভিন্ন রাজ্যে গত কয়েকদিনে তাপমাত্রা বেড়েছে। আবহাওয়া পর্যবেক্ষণ ওয়েবসাইট এল ডেরোডো সম্প্রতি জানায়, বিশ্বের ১৫টি অধিক তাপমাত্রার শহরের মধ্যে ১১টিই ভারতের। খবর এনডিটিভির
ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, জুন মাসে দিল্লিতে ৪৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সর্বোচ্চ। সবচেয়ে বেশি তাপমাত্রা অনুভূত হয় দিল্লির পালাম এলাকায়। উত্তর ভারতেও ব্যাপক তাপ অনুভূত হচ্ছে। তবে দিল্লি থেকে ১৪ কিলোমিটার দূরে সফদারগুঞ্জে তাপমাত্রা কম লক্ষ্য করা গেছে। সেখানে ৪৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। স্কাইমেটের কর্মকর্তা মহেষ পালাবাত জানান, এর আগে ২০১৪ সালের ৯ জুন দিল্লিতে ৪৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। ১৯৯৮ সালের ২৬ মে ছিল ৪৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ২০১৬ সালের মে মাসে রাজস্থানের ফালোডিতে ৫১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছিল আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অফিস জানিয়েছে, ১২ জুন রাত থেকে বাতাসের কারণে তাপমাত্রা কিছুটা কমতে পারে। আবহাওয়া বিজ্ঞানী দেবেন্দ্র প্রধান জানিয়েছেন, আমরা সোমবার সকালেই রেড অ্যালার্ট জারি করেছি আমরা।
