মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেক্সিকোর পণ্যে আরো শুল্ক বৃদ্ধির হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, অভিবাসন এবং নিরাপত্তা সংক্রান্ত সম্ভাব্য চুক্তি যদি মেক্সিকোর কংগ্রেস অনুমোদন না করে তাহলে এই শুল্ক আরোপ করা হবে। তবে তিনি বিস্তারিত কিছু উল্লেখ করেননি। খবর রয়টার্সের
এক টুইটার বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, অভিবাসন এবং নিরাপত্তা সংক্রান্ত চুক্তির বিষয়ে বিস্তারিত শিগগিরই প্রকাশ করা হবে। একটা বিষয়ে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন দাবি করে আসছে। সেই বিষয়টি আমরা জানাবো। এগুলো স্বাক্ষর করতে মেক্সিকোর আইনপ্রণেতাদের অনুমোদন লাগবে। তিনি বলেন, আমরা ভোটাভুটি নিয়ে কোনো ধারণা দেব না। তবে অনুমোদন না হলে মেক্সিকোর পণ্যে শুল্ক বাড়ানো হবে। গত মাসে প্রেসিডেন্ট ট্রাম্প মেক্সিকো পণ্যে শুল্ক ৫ ভাগ আরোপ করার ঘোষণা দেন যা গতকাল থেকে কার্যকর হওয়ার কথা ছিল। অক্টোবর পর্যন্ত এই শুল্ক ২৫ ভাগে পৌঁছানোর কথা। কিন্তু শুক্রবার দুই দেশ একটি অভিবাসন চুক্তিতে পৌছানোর কথা ঘোষণার পর শুল্ক স্থগিত করেন প্রেসিডেন্ট ট্রাম্প।
