মুন্সীগঞ্জে হাত-পা বাঁধা ব্যবসায়ীর লাশ উদ্ধার 

আপডেট : ৩০ জুলাই ২০২২, ০৯:২১

মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে বশির শেখ (৩২) নামে এক মাছ ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। নিখোঁজের দুদিন পর বৃহস্পতিবার (২৯ জুলাই) দিনগত রাতে ১১টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। মুক্তারপুর নৌ-পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ মো. লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহত বশির শেখ মুন্সীগঞ্জ জেলার টঙ্গিবাড়ী থানার বেতকা ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের মৃত আমির হোসেনের ছেলে। তিনি নিজ এলাকায় পুকুর খনন করার ড্রেজার চালাতেন, এর পাশাপাশি মাছ ব্যবসা করতেন। 

নিহত বশির শেখের বেয়াই মো. জসীম বলেন, ‘বশির শেখ গত ২৬ জুলাই রাতে মোবাইলে ফোনে কল পেয়ে বাসা থেকে থেকে বের হয়ে নিখোঁজ হন। পরে তিনি ফিরে না আসায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর ২৭ জুলাই টঙ্গিবাড়ী থানায় সাধারণ ডায়েরি করেন তার স্ত্রী নুপুর আক্তার। বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জ জেলা সদরের চর আলীরটেক এলাকায় ধলেশ্বরী নদীতে লাশ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশকে জানায়। রাত এগারোটায় মুন্সীগঞ্জের মুক্তারপুর নৌ থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। খবর পেয়ে স্বজনরা গিয়ে লাশ শনাক্ত করলে ময়না তদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।’ 

মুক্তারপুর নৌ পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ মো: লুৎফর রহমান বলেন, ‘বৃহস্পতিবার রাতে ধলেশ্বরী নদীতে লাশ ভাসছে এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং এগারোটায় লাশ উদ্ধার করি। এসময় লাশের হাত পা বাঁধা, মুখে স্কচ টেপ ও গলায় রশি পেঁচানো ছিল। পেট কাটা ও নাড়িভুঁড়ি বের হয়েছিল। খবর পেয়ে পরিবারের লোকজন আসলে তাদের উপস্থিতিতেই লাশের সুরতহাল করি। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে প্রেরণ করি।’ 

নিহত বশির বেপারী পাঁচ ভাই-বোনের মধ্যে বাবা-মায়ের দ্বিতীয় সন্তান। বিবাহিত জীবনে স্ত্রী ও পাঁচ বছর বয়সের একটি কন্যা সন্তান রয়েছে তার। এ রিপোর্ট লেখা পর্যন্ত এই ঘটনায় টঙ্গিবাড়ি থানায় মামলার প্রস্তুতি নিচ্ছে নিহতের পরিবার। 

ইত্তেফাক/এসজেড