অস্ত্রের লাইসেন্স যাচাই ও বৈধ অস্ত্র ব্যবহারে দুদকের ৬ সুপারিশ

আপডেট : ১১ জুন ২০১৯, ০১:০০

অস্ত্রের লাইসেন্স প্রদানে জালিয়াতি হয়েছে কি না তা যাচাই করতে এবং লাইসেন্সকৃত অস্ত্রের ব্যবহার নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ৬ দফা সুপারিশ করেছে  দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক সচিব মুহাম্মদ দিলোয়ার বখ্ত স্বাক্ষরিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব বরাবর পাঠানো একটি চিঠিতে এই সুপারিশগুলো দেওয়া হয়।

দুদকের সুপারিশে আরো বলা হয়েছে, দেশের সব জেলার আগ্নেয়াস্ত্রের বৈধ লাইসেন্সের ডাটাবেজ জেলা পোর্টালে প্রকাশ, আগ্নেয়াস্ত্র ক্রয়-বিক্রয় তথ্য এবং বিক্রেতা বা ডিলারদের তথ্য অনলাইনে প্রকাশ করা এবং লাইসেন্স জালিয়াতি রোধে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদানকারী, লাইসেন্স গ্রহণকারী ও বিক্রেতাদের মধ্যে সমন্বিত আধুনিক তথ্য ব্যবস্থাপনা গড়ে তোলার সুপারিশ করা হয়েছে। পাশাপাশি নিরাপত্তা কোম্পানিগুলোর বিধি বহির্ভূত আগ্নেয়াস্ত্র লাইসেন্সধারীদের প্রহরী নিয়োগে কঠোরভাবে নিয়ন্ত্রণ এবং লাইসেন্সধারীদের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী হিসেবে নিয়োজিত করার বিষয়টি সরকারিভাবে নিয়ন্ত্রণ করতে সুপারিশ করেছে দুদক।

দুদক সূত্র জানায়, রংপুর জেলা প্রশাসক কার্যালয় থেকে কর্তৃপক্ষের সই জাল করে ৩৮৯ জনকে ‘অস্ত্রের ভুয়া লাইসেন্স’ দেওয়ার ঘটনা অনুসন্ধান এবং তদন্ত করার পরিপ্রেক্ষিতে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স যাচাই করাসহ এর ব্যবহার নিয়ন্ত্রণ করতে দুদকের পক্ষ থেকে এ সুপারিশ করা হয়েছে।