আফগানিস্তানের রাজধানী কাবুলের প্রধান ক্রিকেট স্টেডিয়ামে গতকাল শুক্রবার একটি ম্যাচ চলাকালীন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে চার দর্শক আহত হয়েছেন। পুলিশ ও কর্মকর্তাদের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে আলজাজিরা।
কাবুল আন্তর্জাতিক স্টেডিয়ামে ঘরোয়া টি-টোয়েন্টি লিগের ম্যাচে পামির জালমি ও বেন্ডই আমির ড্রাগনসের মধ্যে ম্যাচ চলছিল। কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান বলেন, মাঠে গ্রেনেড বিস্ফোরণ হয়েছে। কিছু সময়ের জন্য খেলা বন্ধ থাকে। এরপর আবার খেলা শুরু হয়।
আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নাসিব খান বলেন, বিস্ফোরণ চার দর্শক আহত হয়েছেন। তবে খেলোয়াড়, স্টাফ ও কোচ, সবাই নিরাপদ আছেন।
