ফের ইরাকি পার্লামেন্টে বিক্ষোভকারীদের তাণ্ডব 

আপডেট : ৩০ জুলাই ২০২২, ১৮:৩০

ইরাকের পার্লামেন্টে দ্বিতীয়বারের মতো তাণ্ডব চালিয়েছে দেশটির বিক্ষোভকারীরা। শিয়া ধর্মীয় নেতা মোকতাদা আল-সদরের অনুগামী বিক্ষোভকারীরা তার সমর্থনে এই তাণ্ডব চালিয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। 

খবরে বলা হয়েছে, শনিবার (৩০ জুলাই) দেশটির নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের ওপর টিয়ার গ্যাস ও সাউন্ড বোমা নিক্ষেপ করে। অন্যদিকে বিক্ষোভকারীরা গ্রীন জোনকে ঘিরে থাকা বেশ কয়েকটি বড় কংক্রিটের প্রাচীর টপকাতে দড়ি ব্যবহার করে।

'সবাই সাঈদ মোকাতাদার সঙ্গে আছেন,' বলে বিক্ষোভকারীরা স্লোগান দিতে থাকেন। এদিকে দেশটির প্রধানমন্ত্রী মুস্তফা আল-সুদানীর কার্যালয় একটি বিবৃতি প্রকাশ করেছে। সেখান তিনি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে নিরাপত্তা দিতে নিরাপত্তা বাহিনীকে আহ্বান জানান। 

প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভকারীদের প্রধান আপত্তি হলো মোহাম্মেদ আল-সুদানীকে প্রধানমন্ত্রী করা নিয়ে। 

ইরাকে গত অক্টোবরে নির্বাচনের ফল প্রকাশ হওয়ার পর থেকে এখনো পর্যন্ত রাজনৈতিক দলগুলি কোনো নেতার ব্যাপারে একমত হতে পারেনি। কোনো নির্বাচিত প্রধানমন্ত্রী ছাড়াই ইরাক এতদিন ধরে চলছে। আল-সদরের জোটই সবচেয়ে বেশি আসন পেয়েছিল। কিন্তু কুর্দি ও শিয়া পার্লামেন্ট সদস্যরা একমত হতে পারেননি। আল-সদর ও তার সমর্থকরা হলেন শিয়া, কিন্তু তারা ইরানপন্থি শিয়া দলগুলির তীব্র বিরোধী।

আল-সদর তাদের পার্লামেন্ট সদস্যদের পদত্যাগ করার নির্দেশ দিয়েছেন। ৩২৯ সদস্যের পার্লামেন্টে আল-সদরের দলের ৭৩ জন সদস্য ছিল। তাদের ইস্তফার পর ইরানপন্থি ব্লক সংখ্যাগরিষ্ঠতা পায়। কিন্তু এখন মনে করা হচ্ছে, আল-সদরের সমর্থকরা সহিংস হয়ে উঠতে পারে। 

ইত্তেফাক/এসআর