শাহজাদের অবসরের হুমকি

আপডেট : ১১ জুন ২০১৯, ১৯:৫৩

আফগান উইকেটরক্ষক মোহাম্মদ শাহজাদকে বিশ্বকাপের মাঝপথেই আনফিট বলে দল থেকেই বাদ দিয়ে দিয়েছিলো আফগানিস্তান। ৩২ বছর বয়সী এই ক্রিকেটারের দাবি, জোর করে দল থেকে বাদ দেওয়া হয়েছে তাকে। আর এর প্রতিবাদে তিনি অবসর নেওয়ার হুমকি দিয়ে রেখেছেন।

বিশ্বকাপে আফগানিস্তানের শুরুর দুই ম্যাচে দলে ছিলেন শাহজাদ। অস্ট্রেলিয়ার বিপক্ষে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরা শাহজাদ পরের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে করেছিলেন মাত্র ৭ রান। এরপর গত বৃহস্পতিবার আফগানিস্তান ক্রিকেট বোর্ড তাকে দল থেকে ছেঁটে ফেলে। তারা জানায় যে হাঁটুর চোটের কারণে বিশ্বকাপের বাকি ম্যাচগুলোয় আর খেলতেই পারবেন না তিনি।

কিন্তু শাহজাদ জানান, মেডিক্যাল দল তাকে বলেছিলো হাঁটুর চোট কাটিয়ে কিছুদিনের মধ্যেই মাঠে ফিরতে পারবেন তিনি। তারপরও তাকে দল থেকে ছেঁটে ফেলায় ক্ষুব্ধ তিনি। 

দেশে ফিরে কাবুলে স্থানীয় গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমি খেলি এটা যদি নাই চায় তারা, তবে আমি ক্রিকেট থেকে অবসরই নিয়ে নেবো। ভবিষ্যতে আর এই খেলায় নিজেকে দেখছি না আমি। যদি তাদের সমস্যাই থাকে তবে আমাকে জানানো উচিত তাদের। আমি লন্ডনে ডাক্তারের কাছে গিয়েছিলাম এবং তিনি বলেছিলেন বিশ্রাম নিয়ে দুই তিন দিন পর থেকেই মাঠে ফিরতে পারবো আমি।’

ইত্তেফাক/জেডএইচ