ফুলবাড়ীতে কাঁচা মরিচের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত দুই সপ্তাহের ব্যবধানে উপজেলার ছয় ইউনিয়নের হাটবাজারে মরিচের দাম কয়েক দফায় বৃদ্ধি পেয়েছে। ফলে এ অঞ্চলের নিম্ন ও মধ্য আয়ের মানুষদের পক্ষে কাঁচা মরিচ কেনা অসম্ভব হয়ে পড়েছে।
উপজেলার বিভিন্ন হাটবাজারে খোঁজ নিয়ে জানা যায়, এক দুই সপ্তাহে আগেও ফুলবাড়ী, বালারহাট বাজারসহ উপজেলার অধিকাংশ হাটবাজারে এক কেজি কাঁচা মরিচ ১২০-১৩০ টাকা দরে বিক্রি হয়েছে।
উপজেলার কুরুষাফেরুষা গ্রামের ভ্যানচালক হাক্কু মিয়া ও বাবলু চন্দ্র রায় জানান, বালারহাট বাজারে কাঁচা মরিচ কিনতে গিয়ে দাম বেশি হওয়ায় কিনতে পারেনি। পরে তারা বিকল্প হিসেবে শুকনো মরিচ কিনেছি।
ফুলবাড়ী বাজারের সবজি ব্যবসায়ী জাহাঙ্গীর আলম ও শাহালম মিয়া বলেন, বাজারে কাঁচা মরিচের আমদানি কম হওয়ায় দাম বেড়েছে। এই মরিচ কুষ্টিয়া জেলাসহ বিভিন্ন এলাকা থেকে আসছে। আমরা ১ হাজার টাকায় ৫ কেজি মরিচ কিনে ১ হাজার ২০০ টাকায় বিক্রি করছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন দাস জানান, কোনো ব্যবসায়ী যদি বাজারে কাঁচা মরিচের কৃত্রিম সংকট তৈরি করেন বা দাম বাড়ান তাহলে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।
