নবম-দশম শ্রেণির পড়াশোনা

আপডেট : ১১ জুন ২০১৯, ১৯:৫৪

 ‘আম আঁটির ভেঁপু’ গল্পের দুর্গাদের বাড়ির চারদিকেই জঙ্গল

বাংলা

মো. মিজানুর রহমান

সহকারি শিক্ষক

গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয়।

 

‘আম আঁটির ভেঁপু’

 

শিক্ষার্থী বন্ধুরা, আজ আলোচনা করা হলো নবম- দশম শ্রেণির মাধ্যমিক বাংলা সাহিত্য বইয়ের ‘আম আঁটির ভেঁপু’ গল্পের নমুনা প্রশ্নোত্তর।

শাওন বাবা মার একমাত্র সন্তান। লেখাপড়ায় ভালো কিন্তু ভীষণ চঞ্চল। সারাক্ষণ ঘুরে বেড়ানোই তার প্রধান কাজ । সে কখনো নদীর তীরে বেড়াতে যায়, বনে বাদাড়ে ঘুরে বেড়ায়, কোন বাগানের বরই পেকেছে, কাঁঠাল পেকেছে, কোন বাগানের আম মিষ্টি - এ খবর শাওনের চেয়ে কেউ ভালো জানে না। তার মা জমিলা পরিবারের দারিদ্র্যের কারণে বিভিন্ন বাড়িতে কাজ করেন। সংসারের নানা বিষয়ে সব সময় নিজেকে ব্যস্ত রাখেন। কিন্তু শাওনের উত্পাতে গ্রামের সবাই অতিষ্ঠ। জমিলা শাওনকে নিয়ে সবসময় উদ্বিগ্ন থাকেন।

ক. আজকাল লক্ষ্মী কোথায় বাঁধা পড়েছে ?

খ. ‘সাবধানে নিবি, নইলে মা টের পাবে- তুই তো একটা হাবা ছেলে’ - উক্তিটিতে অপুর চরিত্রের কোন বিষয়টি ফুটে উঠেছে ?

গ. উদ্দীপকের শাওনের চরিত্র ‘আম আঁটির ভেঁপু’ গল্পের কোন চরিত্রের সঙ্গে সাদৃশ্যপূর্ণ ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকটি ‘আম আঁটির ভেঁপু’ গল্পের মূলভাবকে নির্দেশ করেছে কিনা ? তোমার মতের স্বপক্ষে যুক্তি বিশ্লেষণ করো।

ক. আজকাল চাষাদের ঘরে লক্ষ্মী বাঁধা পড়েছে।

খ. দুর্গার এ উক্তির মধ্য দিয়ে অপুর চরিত্রের সরলতার বিষয়টি প্রকাশ পেয়েছে। অপু ও দুর্গা যখন আম ভর্তা করে খায় তখন দুর্গা অপুকে আম ভর্তা করে খাওয়ার কথা মাকে বলতে নিষেধ করে। কিন্তু অপু সহজ সরল, ভুলে মাকে বলে দিতে পারে। তাই অপুকে সাবধান করতে দুর্গা এই উক্তিটি করে ।

গ. উদ্দীপকের শাওনের চরিত্র ‘আম আঁটির ভেঁপু’ গল্পের দুর্গার চরিত্রের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

‘আম আঁটির ভেঁপু’ গল্পের দুর্গাদের বাড়ির চারদিকেই জঙ্গল। তারা বনে বাদাড়ে ঘুরে বেড়ায়। অন্যের বাগানের কাঁচা আম কুড়িয়ে খায়। পটলিদের ডোবার ধারের আম গাছটায় যে গুটি ধরেছে সেটাও তাদের নজর কেড়েছে। এক কথায় তাদের জীবনে দুরন্তপনার অন্ত ছিল না। তেমনি উদ্দীপকের শাওনও ভীষণ চঞ্চল। সারাক্ষণ সেও বন বাদাড়ে ঘুরে বেড়ায়। সে কখনো নদীর তীরে বেড়াতে যায়, বনে বাদাড়ে ঘুরে বেড়ায়, কোন বাগানের বরই পেকেছে, কাঁঠাল পেকেছে, কোন বাগানের আম মিষ্টি - এ খবর শাওনের চেয়ে কেউ ভালো জানে না। এসব বৈশিষ্ট্যের বিচারে উদ্দীপকের শাওন ও ‘আম আঁটির ভেঁপু’ - গল্পের দুর্গার চারিত্রিক বৈশিষ্ট্য একসূত্রে গাঁথা।

ঘ. উদ্দীপক ও আম আঁটির ভেঁপু গল্পের মূলভাব একই বৈশিষ্ট্যকে নির্দেশ করে। পৃথিবীর সকল মা নানা সমস্যার মধ্য দিয়েও ছেলে মেয়েকে ভালোবাসে। তাই শত ব্যস্ততার মধ্যেও সন্তানদের ভালো-মন্দের বিষয়গুলো নিয়ে উদ্বিগ্ন থাকে। দারিদ্র্যের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করে। উদ্দীপক ও ‘আম আঁটির ভেঁপু’ গল্পের প্রেক্ষাপট এক ও অভিন্ন। ‘আম আঁটির ভেঁপু’ গল্পের অপু ও দুর্গা হতদরিদ্র পরিবারের সন্তান। কিন্তু তাঁদের শৈশবে দারিদ্র্যের সেই কষ্ট প্রধান হয়ে ওঠেনি। মা দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট হয়েও অপু ও দুর্গার শৈশবের দুরন্তপনার বিষয়গুলোকে দমিয়ে দেননি। শাওন ও দুর্গা দুজনেই প্রকৃতির সন্তান। গল্পের মা ও উদ্দীপকের মা দুজনেই দারিদ্র্যের যাঁতাকলে বন্দি। তাই বলা যায় উদ্দীপকের মূলভাবও ‘আম আঁটির ভেঁপু’ গল্পের মূলভাবকেই নির্দেশ করে।