দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে বাংলাদেশের দ্বিতীয় রফতানিমুখি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে। রবিবার (৭ আগস্ট) সকালে সরেজমিনে দেখা যায়, বন্দরে বেশ কয়েকটি পণ্যবাহী ট্রাক আটকা পড়ে আছে।
দীর্ঘ দুই মাস বন্ধ থাকার পর পহেলা আগস্ট থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৬ আগস্ট পর্যন্ত এ বন্দরে ২ হাজার ৫০০ মেট্রিক টন গম আমদানি করে। আমদানিকারক প্রতিষ্ঠান টাঙ্গাইলের শারদা ট্রেডার্স। কিন্তু জ্বালানি তেলের মূল্য বাড়ায় ট্রাক মালিকরা তাদের ভাড়া বাড়ানোর দাবিতে পণ্য পরিবহন সীমিত করেছেন। এ অবস্থায় বিপাকে পড়তে হচ্ছে গম খালাস নিয়ে।
গমের আমদানিকারক প্রতিষ্ঠান টাঙ্গাইলের শারদা ট্রেডার্সের প্রতিনিধি তারাপদ দাস জানান, গমের চাহিদা থাকায় ভারত থেকে ২ হাজার ৫০০ মেট্রিক টন গম আমদানি করা হয়েছে এর মধ্যে ১ হাজার ৭০০ মেট্রিক টন গম দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো হয়েছে কিন্তু হঠাৎ জ্বালানি তেলের মূল্য বাড়ায় ৮০০ মেট্রিক টন গম আটকা পড়ে আছে বন্দরে।
এদিকে আখাউড়া স্থলবন্দরের দুইটি পরিবহন সংস্থা-জে. কে. পরিবহনের প্রতিনিধি মো. রাকিব এবং নিউ উত্তরবঙ্গ পরিবহনের প্রতিনিধি মো. লোকমান জানান, জ্বালানি তেলের মূল্য বাড়ায় প্রতি মেট্রিক টন গমের আগের নির্ধারিত ভাড়ার সঙ্গে টন প্রতি ৫০ টাকা বেশি দিয়ে নির্ধারণ করা হয়েছে। আখাউড়া স্থলবন্দর থেকে চট্টগ্রাম আগে ছিল ৯শ, কুমিল্লা ৫৫০, ফেনী ৬৫০, সিলেট ৬৫০, নারায়ণগঞ্জ ৭০০ এবং ব্রাহ্মণবাড়িয়া ৩২০ টাকা।
এ বিষয়ে আখাউড়া স্থলবন্দরের বন্দর পরিদর্শক মো. জাকির হোসেন জানান, স্থলবন্দরে গত ১ তারিখ থেকেই ৬ তারিখ পর্যন্ত ১০৭ ট্রাকে গম এসেছে। গম ডেলিভারি স্বাভাবিক চলছিলো কিন্তু হঠাৎ তেলের দাম ভাড়া গতকাল ৪ ট্রাক গম এবং আজ ৫ ট্রাক গম লোড করা হয়েছে। তবে আস্তে আস্তে সংখ্যা বাড়বে বলেও জানান এ তিনি।
