এনডিটিভি
চীন সীমান্তের কাছে গত সপ্তাহে ১৩ আরোহীসহ নিখোঁজ ভারতীয় বিমানবাহিনীর একটি এন-৩২ বিমানের ধ্বংসাবশেষ অরুণাচলে পাওয়া গেছে।
বিমানবাহিনী সূত্রে জানা যায়, উদ্ধার অভিযানে ব্যবহূত একটি এমআই-১৭ হেলিকপ্টার প্রায় ১২ হাজার ফুট ওপর থেকে সিয়াং জেলার পায়ুম সার্কেলে বিমানটির ধ্বংসাবশেষ দেখতে পায়। আসামের জোড়হাট থেকে অরুণাচলের মেচুকার দুর্গম সামরিক ঘাঁটিতে যাওয়ার পথে গত ৩ জুন সোভিয়েত মডেলের দুই ইঞ্জিনবিশিষ্ট ওই বিমানটি রাডার থেকে হারিয়ে গিয়েছিল।
এর পর থেকেই বিমানটির খোঁজে অভিযান শুরু হয়। সেনা, বিমান ও নৌবাহিনীর উদ্ধার দলের পাশাপাশি ইন্দো-তিব্বতিয়ান সীমান্তে পুলিশ দিনরাত সারাক্ষণ নিখোঁজ বিমান ও এর আরোহীদের সন্ধানে তত্পরতা চালায়। অভিযানে বিমানবাহিনীর উড়োহাজাজ ও হেলিকপ্টারের পাশাপাশি সি-১৩০জে উড়োজাহাজ, সুখোই এসইউ-৩০ জঙ্গিবিমান, নেভি পি৮-আই উদ্ধার উড়োজাহাজও অংশ নেয়। কাজে লাগানো হয় ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা— আইএসআরওর বেশ কয়েকটি কৃত্রিম উপগ্রহ ও মানুষবিহীন ড্রোনও।
ধ্বংসাবশেষ শনাক্তের পর এখন নিখোঁজ বিমানের আরোহীদের কপালে কী ঘটেছে, তাদের কেউ জীবিত আছেন কি না, তা জানার চেষ্টা চলছে বলে ভারতীয় বিমানবাহিনী টুইট করে।
