বঙ্গবন্ধু বাঙালি জাতির স্বীকৃতির ব্যবস্থা করেছেন: আইজিপি 

আপডেট : ০৯ আগস্ট ২০২২, ১৫:৪১

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) বলেছেন, ‘আমাদের ৪ হাজার বছরের ইতিহাস। আমরা পূর্ণাঙ্গ জাতিসত্তা হিসেবে আবির্ভূত হতে পারিনি বিধায় বিশ্ব পরিমণ্ডলে নিজেদেরও আবির্ভূত করতে পারিনি। বঙ্গবন্ধু তাঁর নাতিদীর্ঘ সময়ে বাঙালিকে জাতি হিসেবে গঠন করে তার সত্তার স্বীকৃতির ব্যবস্থা করেছেন, সেটা বিস্ময়কর।’

মহাপরিদর্শক বলেন, ‘যারা অবয়বে বাঙালি জাতিসত্তার অংশ কিন্তু প্রকৃতপক্ষে নয়, তারা ভেতর থেকে ঘুণপোকার মতো আমাদের খেয়ে যাওয়ার চেষ্টা করে যাচ্ছে। এই চ্যালেঞ্জ যেমন আগেও ছিল এখনও আছে। এই চ্যালেঞ্জের কারণে আমরা বঙ্গবন্ধুকে হারিয়েছি আমাদের যে মুক্তির কান্ডারী তাদেরকেও হারিয়েছি। আমাদের সবাইকে এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। এই জাতিকেই সোচ্চার হতে হবে, সতর্ক হতে হবে। আমাদের প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে।’ 

ড. বেনজীর বলেন, ‘বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাতবার্ষিকী ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকীতে এটাই হোক আমাদের প্রতীতি ও প্রতিজ্ঞা।’ 

সোমবার (৮ আগস্ট) বিকালে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়াম রাজারবাগে বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর এ আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন। সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

পুরস্কার নিচ্ছেন প্রতিযোগীরা

অনুষ্ঠানে র‍্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, এসবি প্রধান মনিরুল ইসলাম এবং বিভিন্ন ইউনিটের প্রধানগণ উপস্থিত ছিলেন। এছাড়া, ৫১টি ইউনিট ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত ছিল।

প্রধান আলোচক অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন বলেন, ‘বঙ্গবন্ধু আমাদের বটবৃক্ষ, তাঁর ছায়ায়, প্রচ্ছায়ায় আমাদের অস্তিত্ব নির্মাণ করেছি, অস্তিত্ব ধারণ করবো যতদিন বাংলাদেশ টিকে থাকবে ততদিন। বঙ্গবন্ধু আমাদের বটবৃক্ষ আর বটবৃক্ষের ছায়াবৃক্ষ ছিলেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব।’

সভাপতির বক্তব্যে ডিএমপি কমিশনার বলেন, ‘যারা জাতির পিতাকে হত্যা করেছে, তাদের আকাঙ্ক্ষা ছিল বাঙালি জাতিকে পাকিস্তানের দিকে পরিচালিত করার, সেটা থেকে আমরা অবশ্যই আমাদের দেশকে মুক্ত করতে পারবো। পৃথিবীর বুকে একটি মর্যাদাপূর্ণ আসন দখল করে এই শত্রুদের দেখিয়ে দিতে চাই আমরা তোমাদের মতো বিশ্বাসঘাতক নই, আমরা প্রকৃতপক্ষে বাঙালি।’

ডিএমপি কমিশনার বলেন, ‘বাঙালির মুক্তিদাতা জাতির পিতাকে আমরা বুকে ধারণ করি, আদর্শে ধারণ করি। তাঁর দেখানো আদর্শ নিয়ে এ দেশকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো।’

‘দিশারী’ গ্রন্থের মোড়ক উন্মোচন

বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর কর্তৃক শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কিশোরদের কুইজ প্রতিযোগিতা ও বড়দের রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। গত ২৫ জুলাই বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিযোগিতায় হয়। এছাড়া, ২৯ জুলাই পুলিশ সদস্যরা এই কুইজ প্রতিযোগিতায় অংশ নেন।

অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকীতে একটি ডকুমেন্টারি প্রদর্শন এবং ‘দিশারী’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।

ইত্তেফাক/মাহি