ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা
ঝিনাইগাতীতে ফের শুরু হয়েছে বন্যহাতির তাণ্ডব। বন্যহাতির দল প্রতি রাতেই পাহাড়ি গ্রামগুলোতে চালাচ্ছে তাণ্ডব। আর এতে বিপর্যস্ত হয়ে পড়েছে পাহাড়ি গ্রামগুলো। ফলে আতঙ্কে রয়েছেন গ্রামবাসী।
উপজেলার তাওয়াকুচা, গুরুচরণ দুধনই, পানবর, বাকাকুড়া, হালচাটি, গজনী, গান্দিগাঁও, নওকুচি, রাংটিয়া, সন্ধ্যাকুড়া, গোমড়া ও হলদী গ্রামে প্রতি রাতেই বন্যহাতির দল তাণ্ডব চালিয়ে ক্ষেতের পাকা বোরো ধান, কলার গাছ, গাছের কাঠাল, আম, লিচু ও চাসহ শাক-সবজির বাগানের ব্যাপক ক্ষতি করছে। এছাড়া গাছের ফল খেয়ে ও দুমড়ে মুচড়ে একাকার করে চলছে।
উপজেলার কাংশা ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম ও নলকুড়া ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী বলেন, বন্যহাতির তাণ্ডবে বিপর্যস্ত পাহাড়ি গ্রামবাসী এখন মানবেতর জীবনযাপন করছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল মাহমুদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গত ৮ জুন বন্যহাতির তাণ্ডবে বিধ্বস্ত গোমড়া গ্রামের ওসমানসহ তিন পরিবারের মাঝে ১২ হাজার টাকা ও ঢেউটিন বিতরণ করা হয়েছে।
