কেন্দুয়া (নেত্রকোনা) সংবাদদাতা
গত বৈশাখ মাসে এক কৃষকের জমির বোরো ধান কেটে না দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার কেন্দুয়ায় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অর্ধশত লোক আহত হয়েছেন। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানেও একপক্ষের লোকজন অন্যপক্ষের লোকদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৈশাখ মাসে উপজেলার দুর্গাপুর গ্রামের কৃষক মহিউদ্দিন একই এলাকার ধান কাটার শ্রমিক দলের হাছু মিয়াকে জমির বোরো ধান কেটে দিতে বলেন। এতে তিনি রাজি হন। কিন্তু পরে আর তারা ধান কেটে দেননি। সোমবার রাতে হাছু মিয়াকে স্থানীয় দুর্গাপুর মোড় এলাকায় পেয়ে কেনো তার ধান কেটে দেয়নি তা জানতে চান মহিউদ্দিন। এ নিয়ে দুইজনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে হাছু মিয়াকে লাঞ্ছিত এবং মোড়ে আসতে নিষেধ করেন। ঐ সময় হাছু মিয়ার পক্ষ নেন নজরুল। পরদিন হাছু মিয়াকে বাড়ি থেকে দুর্গাপুর মোড়ে নিয়ে আসেন নজরুল। এতে প্রতিপক্ষের লোকজন উত্তেজিত হয়ে উঠলে উভয়পক্ষ রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
কেন্দুয়া থানার ওসি মোহাম্মদ রাশেদুজ্জামান জানান, সংঘর্ষের ঘটনায় পুলিশ ১৭ জনকে আটক করেছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
