গলাচিপায় নিখোঁজ নববধূর ভাসমান লাশ উদ্ধার

আপডেট : ১১ জুন ২০১৯, ২১:৩৪

গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা

গলাচিপায় নিখোঁজের তিনদিন পর নববধূ সুখী বেগমের (১৯) ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার উপজেলার ডাকুয়া ইউনিয়নের হোগলবুনিয়া গ্রামে জাকির হাওলাদারের বাড়ির পাশের একটি খাল থেকে সুখী বেগমের লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, তিন মাস আগে হোগলবুনিয়া গ্রামের জাকির হাওলাদারের মেয়ে সুখী বেগমের সাথে ফুলখালী গ্রামের সামসু মোল্লার ছেলে ফিরোজ মোল্লার বিয়ে হয়। শনিবার সুখী স্বামী ফিরোজকে নিয়ে বাবার বাড়িতে আসে।

ফিরোজ জানান, রাত আড়াইটার দিকে সুখী দাদির সাথে শোয়ার কথা বলে চলে যায়। এরপর থেকেই তাকে আর খুঁজে পাওয়া যায়নি। মঙ্গলবার জাকির হাওলাদারের বাড়ির পাশে খালে কচুরিপানার মধ্যে ভাসমান লাশ দেখে স্থানীয়রা গলাচিপা থানা পুলিশে খবর দেয়।

এ ব্যাপারে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতার মোর্শেদ জানান, লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে সুখীকে হত্যা করা হয়েছে। তার গলায় শ্বাসরোধের চিহ্ন পাওয়া গেছে।