বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীতে চিনিবোঝাই একটি মালবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে ৩ হাজার ৭২০ বস্তা চিনি ছিল। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
গতকাল বুধবার ভোরে উপজেলার বড়জালিয়া ইউনিয়নের কাইসমা সংলগ্ন মেঘনা নদীতে এ ট্রলারডুবির ঘটনা ঘটে। হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) বিকাশ চন্দ্র দে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ঘটনার সঙ্গে সঙ্গেই হিজলা নৌ-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ডুবে যাওয়া ট্রলারের সুকানি মো. হাশেমসহ চার জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে। ট্রলারের মাঝি-মাল্লা ছাড়া কোনো যাত্রী ছিল না। হিজলা ফায়ার সার্ভিসের টিম লিডার মো. নুরুল ইসলাম বলেন, নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ৩০০ বস্তা চিনি উঠাতে পারলেও বাকিগুলো পানিতে গলে যায়।
ট্রলারের মালিক মো. হোসেন বন্ধু জানান, মঙ্গলবার দুপুরে সোনারগাঁও এলাকার মেঘনা মিল থেকে চিনিবোঝাই করে এম ভি ফারহান ফাহিম নামের ট্রলারটি ভোলার উদ্দেশ্যে ছেড়ে আসে।
হিজলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইউনুস মিয়া বলেন, প্রায় ৩০০ বস্তা চিনি উদ্ধার করা হয়েছে বাকিগুলো পানিতে গলে গেছে তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
