নোয়াখালীতে ছয় পরিবহনকে জরিমানা

আপডেট : ১১ জুন ২০১৯, ২১:৩৫

নোয়াখালী প্রতিনিধি

যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে নোয়াখালী রুটের ঢাকা ও চট্টগ্রামগামী ৬ পরিবহনের ১০টি বাসকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বাসগুলো থেকে অতিরিক্ত ভাড়ার টাকা আদায় করে ফেরত দেওয়া হয় যাত্রীদের। পরিবহনগুলো হচ্ছে— হিমাচল, শাহী, মোহনা, নীলাচল, জেনাকী ও বাঁধন পরিবহন। সোমবার বিকালে জেলার বিভিন্ন সড়কে ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রোকনুজ্জামান খান অভিযান চালিয়ে পরিবহনগুলোর বাস থেকে ৩১ হাজার টাকা জরিমানা আদায় করেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক জানান, অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে ঢাকাগামী হিমাচল পরিবহনের একটি বাসকে ৫ হাজার,  শাহী পরিবহনের একটি বাসকে ৪ হাজার, মোহনা পরিবহনের একটি বাসকে ৩ হাজার, নীলাচল পরিবহনের ২টি বাসকে সাড়ে ৩ হাজার টাকা এবং চট্টগ্রামগামী জেনাকী পরিবহনের চারটি বাসকে সাড়ে ১৩ হাজার ও বাঁধন পরিবহনের একটি বাসকে ২ হাজার টাকাসহ ৩১ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।