দেশের ব্যাংক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার আলোচনায় এখন বেশ এগিয়ে আছে খেলাপি ঋণ নিয়মিতকরণ। দেওয়া হচ্ছে বিশেষ ছাড় আর বিভিন্ন সুবিধা। এইমধ্যে গত তিন মাসে এই ঋণের পরিমাণ বেড়েছে ১১ হাজার কোটি টাকা। মার্চেই যে পরিমাণ ছিল ১ লাখ ১৩ হাজার ৪৪০ কোটি টাকা, জুন শেষে সেটি বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ২৫ হাজার ২৫৭ কোটি টাকায়।
বৃহস্পতিবার (১১ আগস্ট) বাংলাদেশ ব্যাংক খেলাপি ঋণসংক্রান্ত হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনে দেখা গেছে, চলতি বছরের জুন মাস শেষে ব্যাংকিং খাতের মোট বিতরণ করা ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৩ লাখ ৯৮ হাজার ৫৯২ কোটি টাকা। এর মধ্যে খেলাপিতে পরিণত হয়েছে ১ লাখ ২৫ হাজার ২৫৮ কোটি টাকা, যা এখন পর্যন্ত সর্বোচ্চ।
গত বছরের জুনের তুলনায় এবার খেলাপি ঋণ বেড়েছে ২৬ হাজার ৬৩ কোটি টাকা। ২০২১ সালের জুনে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৯৯ হাজার ২০৫ কোটি টাকা। শুধু টাকার অঙ্কে নয়, শতকরা হিসাবেও ঋণ খেলাপির পরিমাণ বেড়েছে। গত মার্চ শেষে খেলাপি ছিল ঋণের ৮ দশমিক ৫৩ শতাংশ। কিন্তু জুনের শেষে এই হার গিয়ে দাঁড়ায় ৮ দশমিক ৯৬ শতাংশে।
