কটিয়াদীতে দুর্বৃত্তদের ছোড়া আগুনে দগ্ধ রাজনের মৃত্যু

আপডেট : ১১ জুন ২০১৯, ২১:৩৮

কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা

কটিয়াদীতে দুর্বৃত্তদের ছোড়া আগুনে দগ্ধ এক সন্তানের জনক আবদুর রহিম রাজন সোমবার চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন। ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ২২ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে হেরে যান রাজন।

রাজনের মামা মানিক মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাজন চিকিত্সাধীন অবস্থায় সোমবার দুপুরে মারা যায়।

নিহত আব্দুর রহিম রাজন পৌর সদরের পূর্বপাড়া মহল্লার প্রবাসী মস্তোফা মিয়ার ছেলে। তিনি তাবলীগ জামাতের সাদ পন্থি ছিলেন। এ ঘটনায় রাজনের মামা মামুনুর রশিদ নয়ন তাবলীগ জামাতের যোবায়ের পন্থি সুমন, সুহেল, কলিকে ও অজ্ঞাত পাঁচ ব্যক্তিকে আসামি করে কটিয়াদী থানায় একটি মামলা দায়ের করেন।

গত ১৯ মে রাতে কতিপয় দুর্বৃত্ত থানা থেকে ৫০ গজ দূরে সাব-রেজিস্ট্রি অফিসের পেছনের গলিতে রাজনের গায়ে তরল দাহ্য পদার্থ ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টা চালায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে কটিয়াদী হাসপাতালে পরে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।