সীমানা নির্ধারণ ছাড়াই খাল খনন

আপডেট : ১১ জুন ২০১৯, ২১:৪১

গাজীপুরের শ্রীপুরের মাওনা দিয়ে প্রবাহিত লবলং সাগর নামক খালটির খনন কাজ চলছে। যেখান থেকে খালটির খনন কাজ শুরু করা হয়েছে, সেখান থেকেই খালের এক পাশে ফসলি জমি ও অন্যপাশে ফ্যাক্টরি। সীমানা নির্ধারণ ছাড়াই চলছে খাল খনন। এতে করে খালটির দখলকে আরো উসকে দেওয়া হচ্ছে কি না সে বিষয়টি ভাবা দরকার। মাওনা থেকে ফুলবাড়িয়া সড়কের দিকে মাওনা সেতুর দক্ষিণ পাশ থেকে শুরু হওয়া খনন কাজে মাটিগুলো খালের পাড়েই স্তূপ করে রাখা হচ্ছে। ফলে মাটিগুলো বৃষ্টিতে খালে পড়ে আবার ভরাট হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে এবং এই দূষিত মাটি থেকে দূষিত পদার্থ ফসলে ছড়ানোরও একটা অবস্থা সৃষ্টি হতে পারে। দেখা গেছে অনেক কৃষকই এই দূষিত পানি দিয়েই চাষাবাদ করছেন। জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ এই দূষিত মাটিতে কেউ যদি কোনো ফসল করে অথবা মাটি গড়িয়ে ফসলের খেতে পড়ে যদি ফসলকে দূষিত করে, তবে এর দায়ভার কে নেবে? সীমানা নির্ধারণ ও এই খালের উভয় পাশ থেকে একসঙ্গে খনন—দুটো কাজই জরুরি। আশা করি কর্তৃপক্ষ এ ব্যাপারে দৃষ্টি দেবেন। আর কত টাকার কাজ হচ্ছে, কী ধরনের কাজ হবে, কাজের পরিমাণ কেমন এবং কারা কাজ করছে—এসব তথ্য সম্বলিত সাইনবোর্ড থাকার কথা থাকলেও তা দেওয়া হয়নি এ প্রকল্পের শুরু থেকে শেষের কোনো জায়গায়। কাজে যদি স্বচ্ছতা না আসে তবে কাজের মান খারাপ হবেই।

সাঈদ চৌধুরী, শ্রীপুর, গাজীপুর