জিএম কাদেরের গাড়িতে বাসের ধাক্কা, বাস আটক

আপডেট : ১৪ আগস্ট ২০২২, ০০:১৫

জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় উপনেতা জিএম কাদেরের গাড়িতে ধাক্কা দিয়েছে যাত্রীবাহী একটি বাস। শনিবার (১৩ আগস্ট) রাজধানীর বনানী কার্যালয় থেকে উত্তরার বাসায় ফেরার পথে খিলক্ষেতে হোটেল লা মেরিডিয়ানের কাছে বিকাল পাঁচটার দিকে জিএম কাদেরকে বহনকারী সরকারি গাড়িতে ধাক্কা দেয় বাসটি। 

জানা গেছে, পুলিশ বাসটিকে আটক করলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। আটককৃত বাসটি বর্তমানে খিলক্ষেত থানায় রয়েছে। থানায় ছুটে যাওয়া জাপার প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান রাত ১২টার দিকে ইত্তেফাককে জানান, মামলার প্রস্তুতি চলছে, জিএম কাদেরের সরকারি গাড়ির চালক মামলা করবেন।

জাপার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জিএম কাদের বাসায় বিশ্রামে আছেন। তবে শরীরে হাল্কা ব্যাথা অনুভব করছেন। তাকে প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে। দেশবাসীর কাছে তিনি দোয়া চেয়েছেন। জাপার নেতা-কর্মীরা তদন্ত সাপেক্ষে গাড়ি চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছেন।

 

ইত্তেফাক/ইআ