শঙ্কায় ধাওয়ানের বিশ্বকাপ

আপডেট : ১১ জুন ২০১৯, ২২:২১

স্পোর্টস ডেস্ক

ভারতীয় দলের জন্য বড় দুঃসংবাদ— দুই থেকে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে যাচ্ছেন শিখর ধাওয়ান। দলের এই ওপেনারের বাঁ-হাতের বৃদ্ধাঙ্গুলিতে চির ধরা পড়েছে। মাঠে ফিরে আবার ফিটনেস ফিরে পেতে আরে সপ্তাহ দুয়েক সময় লাগবে। ফলে, বিশ্বকাপে আদৌ আর ধাওয়ান অংশ নিতে পারেন কি না, এখন সেটাই দেখার ব্যাপার।

সর্বশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে বড় পারফরমার ছিলেন ধাওয়ান। ম্যাচ চলাকালেই তিনি একটা বাউন্সারে আঘাত পান। যদিও, পরে মাঠেই ফিজিওর সেবা পেয়ে খেলা চালিয়ে যান, ১০৯ বলে ১১৭ রানের একটা ইনিংসও খেলেন। ভারত ৩৬ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে।

তবে, বাঁ-হাতি এই ব্যাটসম্যান অস্ট্রেলিয়ার বিপক্ষে ফিল্ডিংয়ের সময় মাঠেই নামেননি। তার হয়ে ফিল্ডিং করেন রবীন্দ্র জাদেজা। ওই সময় তাকে ড্রেসিংরুমে বাঁ-হাতে আইস-ব্যাগ লাগিয়ে রাখতে দেখা যায়। গেল সোমবার স্ক্যান করার পর তার হাতে চির ধরা পড়ে।

বিরাট কোহলিরা চলে গেচেন নটিংহ্যাম। এখানেই আগামীকাল বৃহস্পতিবার নিউজিল্যান্ডের মোকাবিলা করবে দুই বারের চ্যাম্পিয়নরা। যদিও, দলের সাথে তিনি নটিংহ্যাম যাননি। ফিজিও প্যাট্রিক ফারহার্ট ধাওয়ানের সাথে সব সময় যোগাযোগ রাখছেন। বোঝা যাচ্ছে, ধাওয়ানকে সুস্থ করে তুলতে চেষ্টার কোনো কমতি রাখছে না ভারত।

যদি, বিশ্বকাপের ধাওয়ানের পক্ষে আর খেলা সম্ভব না হয়, সেক্ষেত্রে দ্রুতই বদলি ঘোষণা করে দেবে বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। সেক্ষেত্রে বিশ্বকাপ দলে সুযোগ পেয়ে যেতে পারেন ঋষভ পান্ত কিংবা শ্রেয়াস আইয়ার। বিসিসিআই-এর এক সূত্র বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) জানিয়েছে, ইনজুরি ও পুনর্বাসন প্রক্রিয়া শেষ করে পুরোপুরি ফিট হতে মাসখানেক সময় লাগবে ধাওয়ানের। বিশ্বকাপ শেষ হবে আগামী ১৪ জুলাই। ফলে এই কথা সত্যি মানলে বলেই দেওয়া যায় যে বিশ্বকাপ শেষ হয়ে যাচ্ছে ধাওয়ানের। ধাওয়ানের বিকল্প হিসেবে ওপেনিং পজিশনে রোহিত শর্মার সঙ্গী খুঁজে পেতে অবশ্য ভারতীয় টিম ম্যানেজমেন্টকে খুব বেশি বেগ পেতে হবে না। কারণ, দলের সাথেই আছেন লোকেশ রাহুল। তিনি মূলত ওপেনারই।

তবে, সমস্যা অন্য জায়গায়। ওপেনার হলেও ‘মেক শিফট’ চার নম্বর ব্যাটসম্যান হিসেবে নিজেকে মানিয়ে নিয়েছিলেন রাহুল। এখন তিনি ওপেন করতে নামলে চার নম্বরে নতুন ভাবে সংগ্রাম করতে হবে ভারতকে। সেক্ষেত্রে হয়তো চারে খেলতে পারেন বিজয় শঙ্কর। কিংবা স্বয়ং মহেন্দ্র সিং ধোনিকে দিয়েও চেষ্টা করা যেতে পারে। তবে, ভারতের মূল রণকৌশল জানলে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ অবধি অপেক্ষা করা ছাড়া কোনো বিকল্প আপাতত নেই।