দেশে ফিরছেন মালিঙ্গা!

আপডেট : ১১ জুন ২০১৯, ২২:২৪

স্পোর্টস ডেস্ক

শ্রীলঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা নিকটাত্মীয়ের শেষকৃত্যে অংশ নিতে দেশে ফিরবেন। গতকাল বাংলাদেশের বিপক্ষে দলের চতুর্থ ম্যাচটি শেষ করেই ফেরার কথা তার। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে লঙ্কানদের পরের ম্যাচটির আগেই দলে যোগ দেবেন তিনি।

মালিঙ্গার শাশুড়ি কান্থি পেরেরার শেষকৃত্য স্থানীয় বার্নি রেমন্ড ফ্যুনেরাল হোমে অনুষ্ঠিত হবে আগামী বৃহস্পতিবার। এরপরেই লঙ্কান পেসার দলের সঙ্গে যোগ দিতে ইংল্যান্ডের উদ্দেশে রওয়ানা দেবেন বলে জানিয়েছে লঙ্কান ক্রিকেট। গতকাল দলের ওয়েবসাইটে এক বিবৃতিতে তারা জানায়, ‘শাশুড়ির মৃত্যুর কারণে বাংলাদেশের বিপক্ষে আজ শ্রীলঙ্কার বিশ্বকাপ ম্যাচটির পরই দল ছাড়বে মালিঙ্গা। বিশ্বকাপে শ্রীলঙ্কার পরের ম্যাচের আগেই সে দলে যোগ দেবে বলে আশা করা যাচ্ছে।’ চলতি বিশ্বকাপে মিশ্র এক অভিজ্ঞতাই হচ্ছে মালিঙ্গার। প্রথম ম্যাচে দলের ব্যাটিং ব্যর্থতার পরে বোলিংয়েও মালিঙ্গারা ভুলে যাবার মতো এক ম্যাচই খেলেছেন। দলের দশ উইকেটে হারের একটা বড় দায় পাঁচ ওভারে ৪৬ রান হজম করা মালিঙ্গার কাঁধেও চেপেছিলো। পরের ম্যাচেই স্বরূপে ফেরেন লঙ্কান পেসার। আফগানিস্তানের বিপক্ষে ৩৯ রান খরচায় তিন উইকেট নিয়েছিলেন তিনি। দলও জেতে ৩৪ রানে।  ১৫ জুন নিজেদের পরবর্তী ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে কোচ চান্দিকা হাতুরুসিংহের দল।