আন্তর্জাতিক সমালোচনা গায়ে না মেখে পাকিস্তান ভারতবিরোধী কর্মকাণ্ডে তাদের সাহায্যের হাত ক্রমশই বৃদ্ধি করে চলেছে। এমনকি এসব কাজে জড়িতদের শিখ উপাসনালয়গুলোও ব্যবহার করতে উদ্বুদ্ধ করছে। ভারতের স্বাধীনতা দিবসে একদল শিখ ধর্মালম্বী দেশটির প্রথম শিখ ধর্মগুরু গুরু নানক দেবের জন্মস্থান পাকিস্তানের নানকানা সাহিবে জড়ো হন। পাকিস্তানি নিরাপত্তাবাহিনীর নজরদারির মধ্যে এসময়ে তারা খালিস্তান ও কাশ্মিরের পক্ষে স্লোগান দেন।
পাঞ্জাবি শিখ সংঘের চেয়ারম্যান গোপাল সিং চাওলা এসময়ে ভারতের জাতীয়তাবাদের বিরুদ্ধে বেশ চড়াও হয়ে বক্তব্য দেন। আন্দোলনকারীরা খালিস্তানের পতাকা হাতে স্লোগান দেন। পুরো কর্মকাণ্ডটি পাকিস্তানি পুলিশের উপস্থিতিতে ঘটে। যা কিনা আন্দোলনের পেছনে আইএসআই ও পাকিস্তানি নীতিনির্ধারকদের সমর্থনের ইঙ্গিত দেয়।
পাকিস্তানি একটি সূত্র থেকে জানা যায়, ১৪ আগস্ট পাকিস্তানি স্বাধীনতা দিবসে গুরুদুয়ারা দরবার সাহিব ভবনে একটি দল পাকিস্তানের পতাকা উত্তোলন করে। 'কালো দিন' আখ্যা দিয়ে এসময় তারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধেও কথা বলেন। যদিও শিখ প্রধানদের পক্ষ থেকে গুরুদুয়ারাগুলোতে শুধুমাত্র ধর্মীয় পতাকা উত্তোলনের অনুমতি দেয়া হয়।
শনিবার(১৩ আগস্ট), পাকিস্তানি নীতিনির্ধারকগণ যুক্তরাষ্ট্রভিত্তিক শিখ বিচ্ছিন্নতাবাদীদল এসএফজিকে গণভোট আয়োজনের অনুমতি দেয়।
ইতোপূর্বে ভারতবিরোধী বেশকিছু কর্মকাণ্ডের কারণে এসএফজি বেশকিছু জায়গায় নিষিদ্ধঘোষিত হয়। দলটি থেকে শিখ ধর্মালম্বী ভারতীয়দের ভারতবিরোধী কার্যক্রমের বিনিময়ে অর্থ প্রদানের প্রলোভন দেখানো হয়।
