ইত্তেফাক রিপোর্ট
চলতি একাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হয়েছে। এটা কার্যত বর্তমান সংসদ ও এই সরকারের প্রথম বাজেট অধিবেশন। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল (লোটাস কামাল) আগামীকাল বৃহস্পতিবার সংসদে ২০১৯-২০ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করবেন। গতকাল মঙ্গলবার বিকাল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। অধিবেশন শুরুর আগে গতকাল সংসদ ভবনে অনুষ্ঠিত কার্য-উপদেষ্টা কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বাজেট অধিবেশনটি চলবে আগামী ১১ জুলাই পর্যন্ত। বাজেটের ওপর আলোচনার শেষ করার লক্ষ্যে আগামী ২২ ও ২৯ জুন সাপ্তাহিক ছুটির দিন শনিবারও অধিবেশন চলবে বলেও বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। তবে স্পিকার চাইলে প্রয়োজনে অধিবেশনের মেয়াদ বাড়াতে বা কমাতে পারবেন।
অধিবেশনের শুরুতে স্পিকার শিরীন শারমিন উপস্থিত সংসদ সদস্যদের স্বাগত ও ঈদ-শুভেচ্ছা জানান। তিনি বলেন, এই অধিবেশনে ২০১৯-২০ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন হবে, এরপর ৩০ জুন বাজেট পাস হবে। এই অধিবেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্যরা তাদের সুনির্দিষ্ট প্রস্তাব ও পরামর্শ দিয়ে সংসদকে প্রাণবন্ত করার পাশাপাশি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় ভূমিকা রাখবেন বলে স্পিকার আশাবাদ ব্যক্ত করেন।
সভাপতিমণ্ডলী মনোনয়ন :স্বাগত বক্তব্যের পর স্পিকার চলতি অধিবেশনের সভাপতিমণ্ডলী মনোনয়ন দেন। স্পিকার বা ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিমণ্ডলীর সদস্যদের মধ্যে অগ্রবর্তীজন সংসদ পরিচালনা করবেন। সংসদের চলমান অধিবেশনে সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন— মেজর (অব.) রফিকুল ইসলাম, এ বি তাজুল ইসলাম, ডা. হাবিবে মিল্লাত, কাজী ফিরোজ রশীদ এবং মেহের আফরোজ চুমকি।
শোক প্রস্তাব
সভাপতিমণ্ডলী মনোনয়নের পর দিনের কার্যসূচি অনুযায়ী স্পিকার সাবেক সংসদ সদস্য এ বি এম তালেব আলী, ব্যারিস্টার আমিনুল হক, আবদুল আলী মৃধা, আব্দুল মজিদ মাস্টার, এ কে এম বজলুল করিমের মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন করেন। এছাড়া, বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানার ভাসুর রফিক আহমেদ সিদ্দিক, নাট্যকার অধ্যাপক মমতাজউদদীন আহমদ, সংগীত শিল্পী সুবীর নন্দী, কবি হায়াত্ সাইফ, নজরুল সংগীত শিল্পী খালিদ হোসেন, কঙ্গোতে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে সড়ক দুর্ঘটনায় নিহত পুলিশের অতিরিক্ত আইজি রৌশন আরা, অভিনেতা আনিসুর রহমান, সালেহ আহমেদ, অভিনেত্রী মায়া ঘোষের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। এছাড়া, ঘূর্ণিঝড় ফণীর আঘাতে, রাশিয়ায় বিমান দুর্ঘটনায় এবং দেশ-বিদেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোক জানায় সংসদ।
শোক প্রস্তাব উত্থাপনের পর মৃত্যুবরণকারীদের সম্মানে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন সংসদ সদস্য ফরিদুল হক খান। পরে সর্বস্মতিক্রমে শোক প্রস্তাবটি সংসদে গৃহীত হয়।
কার্য-উপদেষ্টা কমিটির বৈঠক
অধিবেশন শুরুর আগে বিকাল ৪টায় সংসদ ভবনে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে কার্য-উপদেষ্টা কমিটির বৈঠক বসে। বৈঠকে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা ছাড়াও কমিটির অন্য সদস্যরা অংশ নেন। বৈঠক সম্পর্কে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিদিন বিকাল ৩টা থেকে অধিবেশন শুরু হবে। ১৬ জুন ২০১৮-১৯ অর্থবছরের সম্পূরক বাজেট নিয়ে আলোচনা হবে। ১৭ জুন পাস হবে সম্পূরক বাজেট। ১৮ জুন থেকে শুরু হবে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনা।
